জুলাই সনদ ও গণভোট নিয়ে কীভাবে জাতীয় ঐকমত্য হবে
বাংলাদেশের ইতিহাসে খুব কম রাজনৈতিক ঘটনা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মতো ব্যাপক রাষ্ট্রসংস্কারের প্রত্যাশা সৃষ্টি করেছে; কিন্তু দুই বছর পর সংস্কারের বিষয়বস্তুর চেয়ে কে এবং কোন প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করবে, সেই প্রশ্নই বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। জুলাই জাতীয় সনদ, গণভোটের রায় ও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পরও সংবিধান সংস্কার পরিষদ, নাকি সংসদীয় বিশেষ কমিটি—এ নিয়ে মতবিরোধ কাটেনি।
জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটি গঠনের সময় ১৭টি আসনের মধ্যে বিরোধী দলের জন্য ৫টি রাখা হলেও তারা সদস্যদের নাম দেয়নি। ফলে ১৩ জুলাই কমিটি গঠিত হয় ১২ জনকে নিয়ে; বিরোধী দলের আসনগুলো এখনো খালি। এই শূন্য আসনগুলো সংস্কারপ্রক্রিয়ার রাজনৈতিক অচলাবস্থার প্রতীক হয়ে উঠেছে।
সরকার ডিসেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য নিয়েছে। সময় কম আর অচলাবস্থা দীর্ঘ হলে তার প্রভাব রাজনীতির বাইরেও পড়বে—নীতির অনিশ্চয়তা বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক আস্থা ও অর্থনীতির ওপর চাপ তৈরি করতে পারে।
গণভোটের রায় কী বলছে
২০২৫ সালের ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। এতে ৮৪টি সংস্কার প্রস্তাব ছিল, যার ৪৮টি সংবিধান পরিবর্তন-সম্পর্কিত। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে গণভোটও হয়। নির্বাচন কমিশনের সংশোধিত গেজেট অনুযায়ী, বৈধ ভোটের ৬৮ দশমিক ২৬ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়ে।
এই ফল উপেক্ষা করা যায় না। গণভোটের রায়ের প্রতি সম্মান দেখানো গণতান্ত্রিক দায়বদ্ধতার অংশ। তবে ফলের অর্থ নির্ধারণে সতর্কতাও জরুরি। ব্যালটে ভোটারদের কাছে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সনদে উল্লিখিত সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জানতে চাওয়া হয়েছিল। একাধিক বিষয়ের জন্য উত্তর ছিল একটিই, ‘হ্যাঁ’ বা ‘না’। ফলে বিচার বিভাগের স্বাধীনতা সমর্থন করেও কেউ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি বা উচ্চকক্ষের কাঠামো নিয়ে দ্বিমত পোষণ করতে পারেন; ব্যালটে সেই পার্থক্য জানানোর সুযোগ ছিল না।
প্রশাসনিক নিরপেক্ষতার প্রশ্নও রয়েছে। তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালায়, অথচ ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন একই নির্বাহী বিভাগের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। পরিস্থিতি এমন দাঁড়ায় যে নির্বাচন কমিশনকে সরকারি কর্মচারীদের পক্ষে-বিপক্ষে প্রচারকে দণ্ডনীয় অপরাধ বলে সতর্ক করতে হয়। ‘হ্যাঁ’-এর ব্যবধান এতটাই বড় যে এতে ফল নিয়ে প্রশ্ন ওঠে না; কিন্তু ভবিষ্যতের যেকোনো গণভোটের জন্য এটি একটি শিক্ষা—প্রচার ও পরিচালনার দায়িত্ব এক হাতে থাকা উচিত নয়।
ভোটের হিসাবেও সতর্কসংকেত রয়েছে। সংশোধিত গেজেট অনুযায়ী, প্রায় ৭৪ লাখ ব্যালট—প্রদত্ত ভোটের প্রায় ১০ শতাংশ বাতিল হয়েছে। সব বাতিল ভোটের কারণ প্রশ্নের জটিলতা নয়; তবু হারটি উপেক্ষণীয় নয়। কাউন্সিল অব ইউরোপের ভেনিস কমিশনের গণভোটসংক্রান্ত নির্দেশিকায় ভোটারদের অবহিত সিদ্ধান্ত গ্রহণ এবং প্রশ্নের স্বচ্ছতা ও সুস্পষ্টতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সামগ্রিক প্যাকেজে ‘হ্যাঁ’ ভোট প্রতিটি প্রস্তাবের প্রতি পৃথক সমর্থন প্রমাণ করে না। এই সীমাবদ্ধতা রায় অগ্রাহ্য করার যুক্তি নয়; বরং বাস্তবায়ন নিয়ে স্বচ্ছ আলোচনা ও রাজনৈতিক সমঝোতার প্রয়োজনীয়তা তুলে ধরে।
১৪২ অনুচ্ছেদ ও সংস্কার পরিষদের প্রশ্ন
সরকারের বক্তব্য, জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদের বিদ্যমান সংবিধানে স্পষ্ট আইনি ভিত্তি নেই। সরকারের মতে, সংবিধান সংশোধনের সাংবিধানিক পথ হলো সংসদ; ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, সংশোধনী বিল পাসে সংসদের মোট সদস্যসংখ্যার অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। তাই গণভোটের রায়কে সম্মান জানিয়েও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ এবং রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট বিবেচনা করা জরুরি। সরকারের আশঙ্কা—সাংবিধানিক কাঠামোর বাইরে গঠিত কোনো পরিষদের মাধ্যমে সংশোধনের নজির ভবিষ্যতে রাজনৈতিক স্বার্থে অপব্যবহৃত হতে পারে।
বিরোধী দলগুলোর যুক্তি, বাস্তবায়ন আদেশে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং নির্বাচিত সংসদ সদস্যদের একই সঙ্গে সংসদ ও ওই পরিষদের সদস্য হিসেবে কাজ করার কথা বলা হয়েছিল। ব্যালটে যেহেতু ওই বাস্তবায়ন আদেশের প্রতিই সম্মতি চাওয়া হয়েছিল, তাই এ দাবির শক্ত ভিত্তি আছে। ফলে শুধু সংসদীয় বিশেষ কমিটি গঠন করে সেই প্রক্রিয়া প্রতিস্থাপন করা গণভোটের রায়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
এখানে দুটি প্রশ্ন আলাদা করে দেখা দরকার—সংবিধান সংস্কার পরিষদ গঠনের আদেশের আইনি ভিত্তি কতটা শক্তিশালী এবং গণভোটের রায় ও রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের জন্য কোন প্রক্রিয়া সবচেয়ে গ্রহণযোগ্য। বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও পরিষদের সদস্যদের শপথের বৈধতা আদালতের বিবেচনাধীন। চলতি বছরের ৩ মার্চ হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন। বিষয়টি বিচারাধীন বলে এর আইনি পরিণতি নিয়ে আগাম সিদ্ধান্ত টানা ঠিক নয়। তবে আদালতের রায়ের অপেক্ষায় রাজনৈতিক সংলাপ ও সমঝোতার উদ্যোগ থামিয়ে রাখারও কারণ নেই।
সংসদীয় বিশেষ কমিটি গঠনের মাধ্যমে সরকার একটি প্রাতিষ্ঠানিক পথ তৈরি করেছে; কিন্তু বিরোধী দলের অংশগ্রহণ না থাকলে কমিটির রাজনৈতিক গ্রহণযোগ্যতা সীমিত হতে পারে। অন্যদিকে বিরোধী দলগুলো কমিটিতে যোগ না দিলে নিজেদের প্রস্তাব, সংশোধনী ও বিকল্প যুক্তি আনুষ্ঠানিক আলোচনায় তুলে ধরার সুযোগ হারাবে।
- ট্যাগ:
- মতামত
- গণভোট
- জাতীয় ঐক্য
- জুলাই সনদ