একই অর্থনীতির দুই বিপরীত চিত্র
দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা এখন মাসিক ন্যূনতম মজুরি ৩০ থেকে ৩৭ হাজার ১২৫ টাকা করার দাবি জানাচ্ছেন, যা বর্তমান ১২ হাজার ৫০০ টাকার আড়াই থেকে প্রায় তিনগুণ। প্রথম দেখায় দাবিটি অতিরিক্ত মনে হতে পারে; কিন্তু জীবনযাত্রার ব্যয়, রপ্তানি আয়ে খাতটির অবদান এবং প্রতিযোগী দেশগুলোর মজুরির সঙ্গে মিলিয়ে দেখলে চিত্রটি একেবারে ভিন্ন।
প্রেক্ষাপটটি নতুন। ২০২৬ সালের এপ্রিলে শ্রম আইন সংশোধন করে মজুরি পর্যালোচনার মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। আগস্ট থেকে শ্রমিকরা ৩০ হাজার টাকার দাবিতে রাস্তায় নেমেছেন; ১৫ অক্টোবর শ্রম অধিদপ্তর নতুন মজুরি বোর্ড গঠনের জন্য মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম চেয়ে চিঠি দিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল ২৬০ মার্কিন ডলার (প্রায় ৩২ হাজার ৮৫ টাকা) এবং চারটি জোটের ৩৫টি শ্রমিক ফেডারেশন ৩০০ ডলার, অর্থাৎ ৩৭ হাজার ১২৫ টাকা ন্যূনতম মজুরি দাবি করেছে।
একই সময়ে দেশে প্রায় ৮ লাখ ৮৫ হাজার বিশ্ববিদ্যালয় স্নাতক বেকার। অর্থাৎ যাদের শিক্ষাগত সনদ সবচেয়ে কম, তারাই দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দিচ্ছেন; আর যাদের সনদ সবচেয়ে বেশি, তাদের বড় একটি অংশ কাজের সুযোগই পাচ্ছেন না। এ লেখায় পরিসংখ্যানের ভিত্তিতে তিনটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে: দাবিকৃত মজুরি কতটা যৌক্তিক, স্নাতকদের কর্মসংস্থানের প্রকৃত অবস্থা কী এবং শ্রমিকের শিক্ষাগত যোগ্যতা দিয়ে মজুরি বিচার করা কতটা ন্যায্য।
ন্যূনতম মজুরির ইতিহাসটা এরকম : ২০০৬ সালে ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা, ২০১০ সালে ৩ হাজার, ২০১৩ সালে ৫ হাজার ৩০০, ২০১৮ সালে ৮ হাজার এবং ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকা। ১২ হাজার ৫০০ টাকার মধ্যে মূল মজুরি ৬ হাজার ৭০০ টাকা, আর বার্ষিক বৃদ্ধি হিসাব হয় এ মূল মজুরির ওপর। ২০২৪ সালের শ্রমিক অসন্তোষের পর ত্রিপক্ষীয় সমঝোতায় বার্ষিক বৃদ্ধি ৫ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়, যা ২০২৫ সালের জানুয়ারির বেতন থেকে কার্যকর হয়। মালিকপক্ষের দাবি ছিল, বাড়তি ৪ শতাংশ কেবল এক বছরের জন্য। দুই বছরের বৃদ্ধি (৯ ও ৫ শতাংশ) যোগ করলে একজন প্রবেশস্তরের শ্রমিকের মোট মজুরি এখন আনুমানিক ১৩ হাজার ৫০০ টাকা।
ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের যুক্তি, সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়ানোর ঘোষণা বাজারকে আরও অস্থির করেছে, যার চাপ পড়ছে নিুআয়ের মানুষের ওপর। একই অর্থনীতিতে একশ্রেণির আয় দ্বিগুণ হলে আর অন্য শ্রেণির প্রকৃত আয় কমলে বৈষম্য বাড়ে; অথচ বাসাভাড়া ও খাদ্যপণ্যের দাম দুই শ্রেণির জন্যই সমান হারে বাড়ে।
মালিকপক্ষের উদ্বেগও তথ্যনির্ভর। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ ও ভিয়েতনামকে ২০ শতাংশ শুল্কের মুখে পড়তে হচ্ছে; স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির জন্য দেশ তিন বছর বাড়তি সময় পেয়েছে; জ্বালানির দামও বেড়েছে। এক ধাপে ১৪০ শতাংশ বা তার বেশি মজুরি বৃদ্ধি ছোট ও মাঝারি কারখানার পক্ষে কঠিন হতে পারে। তাই প্রশ্নটি দাবির যৌক্তিকতা নিয়ে নয়, বরং কীভাবে ও কোন ধাপে তা বাস্তবায়ন হবে, তা নিয়ে।
বিশ্ববিদ্যালয় স্নাতকদের কর্মসংস্থান : সনদ আছে, কাজ নেই
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে স্নাতকদের বেকারত্বের হার ১৩.৫৪ শতাংশ, যা সব শিক্ষাস্তরের মধ্যে সর্বোচ্চ; বিপরীতে প্রাতিষ্ঠানিক শিক্ষাহীনদের বেকারত্ব মাত্র ১.২৫ শতাংশ। দেশের ২৬ লাখ ২৪ হাজার বেকারের মধ্যে ৮ লাখ ৮৫ হাজারই স্নাতক; অর্থাৎ প্রতি তিনজন বেকারের একজন উচ্চশিক্ষিত।
সমস্যাটির তিনটি স্তর স্পষ্ট। প্রথমত, চাহিদা ও জোগানের ব্যবধান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিসাবে প্রতিবছর ৭ লাখের বেশি শিক্ষার্থী স্নাতক হন, অথচ অনুকূল বিনিয়োগ পরিবেশেও বছরে সর্বোচ্চ প্রায় ৩ লাখ স্নাতকের কর্মসংস্থান সম্ভব। বিশ্বব্যাংকের হিসাবে দেশে বছরে মোট নতুন কর্মসংস্থান হবে মাত্র প্রায় ৬ লাখ ৩০ হাজার। দ্বিতীয়ত, দক্ষতার অমিল। সরকারি টাস্কফোর্সের প্রতিবেদন অনুযায়ী প্রায় ৬০ শতাংশ স্নাতক আসেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ থেকে, যাদের বড় অংশ মানবিক ও সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থী। বিআইডিএসের গবেষণায় দেখা যায়, নিয়োগকর্তারা যে দক্ষতা চান, তার ৩০ শতাংশ শ্রমবাজারে পাওয়াই যায় না। তৃতীয়ত, কাঠামোগত দুর্বলতা। ৮৫ শতাংশ কর্মী অনানুষ্ঠানিক খাতে কাজ করেন, যেখানে চুক্তি বা সামাজিক সুরক্ষা নেই; আরও ৬৪ থেকে ৬৭ লাখ মানুষ অর্ধবেকার। ২০২৪ সালে এক বছরে শ্রমশক্তি ১৭ লাখ ৪০ হাজার কমেছে, যার প্রায় ১৬ লাখ ৪০ হাজারই নারী।
এ চিত্র থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো যায় : বাংলাদেশের শ্রমবাজারে সনদ কর্মসংস্থানের নিশ্চয়তা দেয় না; কাজের জন্য প্রস্তুত দক্ষতাই মূল্য পায়।
- ট্যাগ:
- মতামত
- তৈরি পোশাক শিল্প
- শ্রমিক অসন্তোষ