কক্সবাজারে মোটরসাইকেলে এসে মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি
কক্সবাজারের খরুলিয়ায় মাইক্রোবাসের গতিরোধ করে প্রকাশ্যে গুলি ছুড়ে এক ব্যবসায়ীকে গুরুতর আহত করেছে মোটরসাইকেলে আসা ছয় আরোহী।
শুক্রবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
গুলিবিদ্ধ ব্যবসায়ী মাহমুদুল হককে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
চিকিৎসাধীন মাহমুদুল হকের ভাষ্য, বাসা থেকে একটি ব্যক্তিগত মাইক্রোবাসে করে রামুর দিকে যাচ্ছিলেন তিনি। পথে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তার মাইক্রোবাসের গতিরোধ করে।
এরপর তাকে লক্ষ্য করে একে একে তিনটি গুলি ছোড়া হয়। একপর্যায়ে মাথায় গুলি করার চেষ্টা করা হলেও অস্ত্র থেকে গুলি বের হয়নি। পরে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রকাশ্যে গুলি