এক্সপ্রেসওয়েতে এক পিকআপে আরেক পিকআপের ধাক্কা, চালক ও সহকারী নিহত
প্রথম আলো
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১৩:০৪
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি পিকআপের পেছনে আরেকটি পিকআপের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গার আতাদী সেতুর ওপর ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক ও সহকারীর নাম-পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকামুখী লেনের বাঁ পাশে একটি পিকআপ দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ দাঁড়িয়ে থাকা ওই পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চলন্ত পিকআপটির চালক ও সহকারী নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে ভাঙ্গা হাইওয়ে পুলিশ।