সরকার নয়, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে ইসি: সিইসি
স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ সরকার নির্ধারণ করে দেবে না; সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শক্রমে নির্বাচন কমিশনই (ইসি) এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দুর্গাপূজা, বন্যা, বার্ষিক পরীক্ষার বিষয়টি বিবেচনায় রাখা হবে বলেও জানান তিনি।
আজ সোমবার (২৪ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে কর্মকর্তাদের সঙ্গে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ সরকার জানিয়েছে কি না প্রশ্ন উঠলে সিইসি বলেন, ‘সরকার স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে না, আমরাই নেব। সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শক্রমে আমরাই সিদ্ধান্ত নেব। দিনক্ষণ আমরাই ঠিক করব। এটা এমন নয় যে সরকার একটি তারিখ দেবে আর আমরা তা ঘোষণা করে দেব। আমাদের সামগ্রিক প্রস্তুতি চলমান আছে।’
সিইসি আরও বলেন, তবে নির্বাচন করতে গেলে অনেক কিছু বিবেচনায় নিতে হয়, যেগুলো অনেক দেশে নেই। প্রথমে দুর্গাপূজার বিষয়টি বিবেচনায় নিতে হবে। বর্ষাকালেরও একটি সমস্যা হয়...বন্যা হয়, এটা একটা সমস্যা। এরপর বার্ষিক পরীক্ষা এসে যাবে। গ্রামভিত্তিক নির্বাচন হলে স্কুলের মধ্যে নির্বাচন হবে। আবার স্কুলের শিক্ষকদের প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে নিয়োগ করতে হয়। নানাবিধ কনসিডারেশন আছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা একটি সিদ্ধান্ত নেব। তবে আশা করি, এটা এমন নয় যে নির্বাচন অনেক দেরি হবে। যথাসম্ভব সবকিছু বিবেচনায় নিয়ে এমন একটি সময়ে যাতে আমরা শুরু করতে পারি, সেভাবেই আমরা ব্যবস্থা নেব।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্থানীয় সরকার