কোনো কাজে ভুল হলে তা সংশোধনের জন্য সরকার উন্মুক্ত: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন কোনো পবিত্র ধর্মগ্রন্থ নয়; প্রয়োজনে তা পরিবর্তনযোগ্য। সরকারের কোনো কাজে ভুল হলে তা সংশোধনের জন্য সরকার উন্মুক্ত। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।
আজ সোমবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক বহুদলীয় সংলাপে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এ সংলাপের আয়োজন করে।
জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, ‘আমরা জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করছি। যদি কোনো ক্ষেত্রে সফল না হই, তাহলে সংশোধনের জন্য আমরা উন্মুক্ত। আইন কোনো পবিত্র ধর্মগ্রন্থ নয়; আইন পরিবর্তনযোগ্য।’
মন্ত্রী বলেন, এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হন। জুলাই সনদেও সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। সংবিধান সংশোধন নিয়ে যৌক্তিক কোনো প্রস্তাব এলে তা অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জবাবদিহিতা