যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি অন্য দেশের চুক্তির সঙ্গে মিলিয়ে পড়তে বললেন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তি ন্যায্যতা বুঝতে অন্যান্য দেশের চুক্তির সঙ্গে মিলিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ ক্ষেত্রে তিনি ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়ার উদাহরণ টেনেছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী চীন সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তি নিয়ে সমালোচনা হচ্ছে। চুক্তিটি অত্যন্ত অসম এবং এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বলে অনেকে মন্তব্য করছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন এটা নিয়ে আলোচনা হওয়া খুব ভালো এবং মুক্ত আলোচনা হওয়াই উচিত যে কোনো চুক্তি নিয়ে।’
তিনি বলেন, ‘আর আপনি যেটা বললেন বাংলাদেশ ১৩১টাতে শ্যাল (shall— বাধ্যতামূলক অর্থে) বলেছে...। আমরা তো একা এই চুক্তি করিনি। বিশ্বের অন্যান্য দেশও করেছে। ইন্দোনেশিয়া ২৩১টাতে এইরকম শ্যাল বলেছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়াসহ অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে আপনি জিনিসটা ভালো করে বুঝবেন। আমি বলব যে আপনারা সবাই মিলে সেটা দেখেন, তুলনামূলক দেখেন, আমরা কী পেয়েছি কী পাইনি।’