রেলপথে নাশকতার ঘটনা বাড়তে থাকায় যাত্রী, ট্রেন ও রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত মাত্র ১৩ দিনে রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ৩৮টি নাশকতার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে নাশকতা প্রতিরোধ ও রেলপথের নিরাপত্তা জোরদার করতে আগামী ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাসের জন্য ২ হাজার আনসার এবং ৫০০ ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েনের প্রস্তাব দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
অতিরিক্ত জনবল মোতায়েন ছাড়াও রেলপথের নিরাপত্তাব্যবস্থায় বেশ কিছু নতুন উদ্যোগের পরিকল্পনাও করা হচ্ছে। স্টেশনে যাত্রীদের ব্যাগ ও লাগেজ তল্লাশি, গুরুত্বপূর্ণ স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন, অরক্ষিত প্রবেশপথ বন্ধ, রেললাইনে গোয়েন্দা নজরদারি এবং ট্রেন ও স্টেশনে ২৪ ঘণ্টা যৌথ টহলের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি নাশকতা বা সহিংসতার ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে কুইক রেসপন্স টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখার পরিকল্পনা রয়েছে।
যাত্রী নিরাপত্তা এবং রেলওয়ের সংবেদনশীল স্থাপনা ও লাইন সুরক্ষায় করণীয় নির্ধারণে গত বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, নাশকতার ঘটনা বিবেচনায় নিয়ে আগামী ডিসেম্বর ও আসন্ন নতুন বছরের জানুয়ারি এই দুই মাসের জন্য ২ হাজার আনসার সদস্য মোতায়েনের অনুরোধ জানিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অন্যদিকে ৫০০ ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েনের জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে রেলওয়ে পুলিশ।