পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তার দুই ভাইকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সায়লা ফারজানাকে। একই মামলায় তার দুই ভাইকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।”
রোববার ভোরে সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস এবং তার দুই ভাই রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুনকে মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে গ্রেপ্তার করে ডিবি।
সপ্তদশ বিসিএসের মাধ্যমে প্রশাসনে যোগ দেওয়া সায়লা ফারজানার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে বলে জানান ডিএমপির ডিবি প্রধান শফিকুল।
দুর্নীতির তদন্ত চলার মধ্যে গত ১৫ অক্টোবর সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানাসহ চারজনের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে তাদের নামে ১৯ কোটি ৫৩ লাখ ৭২ হাজার ৩১৯ টাকা রয়েছে।