খনি শ্রমিক, ৭০ বছর, আর ফিরে আসার এক ম্যাচ—ফুটবলের অন্যরকম গল্প
মাঠের এক কোণে রাখা একটি কড়াই। গোলপোস্টের সামনে জমে থাকা কাদা থেকে জল সরানোর সেই পুরোনো কৌশল। আজকের নিখুঁত টার্ফ আর যান্ত্রিক ফুটবলের যুগে দৃশ্যটা প্রায় অবিশ্বাস্য শোনায়। তবে ফুটবল এক সময় এমনই ছিল, বিশেষ করে বৃষ্টিপ্রবণ এলাকার প্রাকৃতিক ঘাসের মাঠে।
সেই ধূসর স্মৃতির ভেতর দিয়ে বেড়ে ওঠা এক যুবক একবিংশ শতকের এই সময়ে এসে আবার যখন গ্লাভস হাতে গোলপোস্টে নামার অপেক্ষায়, তখন ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়েছে ২৭টি বছর।
স্পেনের আঞ্চলিক ফুটবলের দল সিডি কলুঙ্গার হয়ে আগামী রোববার গোলপোস্ট সামলাতে নামছেন ৭০ বছর বয়সী অ্যাঞ্জেল মাতেওস গঞ্জালেস। যা হতে যাচ্ছে স্পেনের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে কোনো অফিশিয়াল ম্যাচে মাঠে নামার রেকর্ড।
খনি থেকে খেলার মাঠ
গঞ্জালেসের গল্পটা শুধু ফুটবলের নয়, শ্রম আর আবেগেরও। একসময় খনিশ্রমিক ছিলেন তিনি, টানা ২৫ বছর ছিলেন কঠিন সেই পেশায়। তবে ফুটবল কখনোই তাঁকে ছাড়েনি। ১০ বছর বয়সে তুরনের যুব দলে যোগ দেওয়া সেই গঞ্জালেস একটানা খেলেছেন ৪৩ বছর বয়স পর্যন্ত। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই গোলরক্ষক খেলেছেন কাউডাল, সান্তিয়াগো ডি অ্যালারের মতো ক্লাবে। খেলেছেন স্প্যানিশ ফুটবলের তৃতীয় বিভাগ ও সেকেন্ড ডিভিশন ‘বি’তেও।
৪৩ বছর বয়সে ফেডারেশন ফুটবল থেকে অবসর নিলেও গঞ্জালেস বাস্তবে খেলা থেকে সরে যাননি কখনোই। হুনোসা কোম্পানির দল, তুরন ভেটেরান্স যখন যেখানে খেলার সুযোগ মিলেছে, সেখানেই খেলেছেন। এখনো খেলেন, এখনো জেতেন। স্থানীয় সংবাদমাধ্যম লা প্রভিন্সিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই হাসতে হাসতে বলেন, ‘গত সপ্তাহেই তুরন ভেটেরান্সের হয়ে আমরা হিস্পানিকোকে হারিয়েছি। এখনো নিজেকে বেশ চটপটে মনে হয়!’
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার