প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার বগুড়া সফরে এসেছেন। তিনি আজ সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন। সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এ সময় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তারেক রহমানের প্রথম সফর। সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী জুবাইদা রহমান সঙ্গে আছেন। প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব সুজন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
সুজন মাহমুদ জানান, বগুড়া সার্কিট হাউসে বিশ্রামের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন এবং জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বগুড়া সফর
- তারেক রহমান