You have reached your daily news limit

Please log in to continue


হাম: মারা গেছে আরও ৪ জন, শনাক্ত ১৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত একজন এবং হামের উপসর্গ নিয়ে তিনজন মারা গেছে। এ সময় শনাক্ত হয়েছে আরও ১৬৫ রোগী।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের। তাদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে ২২ জন। বরিশালে পাঁচ, চট্টগ্রামে চার, রাজশাহীতে তিন ও ময়মনসিংহে ২ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া হামের লক্ষণ নিয়ে ১৮১ জন মারা গেছে। সবচেয়ে বেশি ৮৩ জন ঢাকা বিভাগে মারা গেছেন; আর ৬৬ জন রাজশাহী বিভাগে। তার পরেই আছে চট্টগ্রাম, সেখানে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১২ জন। এছাড়া খুলনায় ১০, বরিশাল ও সিলেটে ৫ জন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৫ জন হাম রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ে ১ হাজার ১৯৭ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ৮০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৩৬১ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১১ জন ভর্তি হয়েছে ময়মনসিংহে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৬০৬ জন। তাদের মধ্যে ৩ হাজার ৪৪৩ জনের হাম শনাক্ত হয়েছে।

হামের প্রকোপের গেল ৫ ও ১২ এপ্রিল থেকে দুই ধাপে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার। এর মাধ্যমে দেশের ছয়টি বিভাগে এ পর্যন্ত ১৪ লাখ ৮৭ হাজার ১৯২ জনকে টিকা দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন