ঈদের দিনে সড়ক দুর্ঘটনা ছয় জেলায় ৮ জন নিহত, আহত ২৪
ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় অন্তত ৮ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল থেকে বিকেলের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ময়মনসিংহে দুজন, চট্টগ্রামের পটিয়া ও মিরসরাইয়ে দুজন, নড়াইল, চুয়াডাঙ্গা, ফরিদপুর ও মাদারীপুরে একজন করে নিহত হয়েছেন।
ময়মনসিংহ
ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আরও ৩ জন আহত হয়েছেন। আজ দুপুর একটার দিকে শ্যামগঞ্জ-ময়মনসিংহ সড়কে উপজেলায় শিমুলিয়া ভান্ডারির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রুবেল মিয়া (২০) ও রিতি আক্তার (৮)। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।