উৎসবভিত্তিক পর্যটন : বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতির নতুন দিগন্ত

ঢাকা পোষ্ট সামশাদ নওরীন প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১১:৫০

বাংলাদেশ উৎসবপ্রিয় মানুষের দেশ। ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক নানা উৎসব সারা বছরজুড়েই এদেশের মানুষের জীবনে আনন্দ ও উদ্দীপনার সঞ্চার করে। এই উৎসবগুলো কেবল মানুষের আবেগ, বিশ্বাস ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ নয়; উৎসবসমূহ দেশের অর্থনীতি ও পর্যটন শিল্পের বিকাশের জন্যও গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।


সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ‘ফেস্টিভ্যাল ট্যুরিজম’ বা উৎসবভিত্তিক পর্যটন একটি শক্তিশালী পর্যটন প্রবণতা হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও উৎসবকে কেন্দ্র করে পর্যটন শিল্পের সম্ভাবনা ক্রমেই বাড়ছে।


বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব যেমন পহেলা বৈশাখ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজা, বিশ্ব ইজতেমা ইত্যাদি অনুষ্ঠান দেশের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। এসব উৎসবের সময় মানুষ পরিবার-পরিজন নিয়ে ভ্রমণে বের হন।


অনেকেই শহরের ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য দূরে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে চান। আবার অনেকে দেশের বাইরে অবসর সময় উদযাপন করতে যান। ফলে উৎসবের সময় দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটে এবং পর্যটন শিল্পে এক ধরনের প্রাণচাঞ্চল্য দেখা যায়।


উৎসব ও পর্যটনের মধ্যে একটি স্বাভাবিক ও শক্তিশালী সম্পর্ক রয়েছে। উৎসব মানুষের মধ্যে ভ্রমণের আগ্রহ তৈরি করে এবং ভ্রমণ মানুষের মধ্যে নতুন সংস্কৃতি ও ঐতিহ্য জানার সুযোগ সৃষ্টি করে।


উৎসবের সময় পর্যটকেরা কেবল একটি স্থান ভ্রমণ করেন না; তারা সেই স্থানের সংস্কৃতি, খাদ্যাভ্যাস, ঐতিহ্য এবং সামাজিক জীবনধারার সঙ্গে পরিচিত হন। ফলে উৎসব পর্যটন সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত গ্রামীণ মেলা, বৈশাখী উৎসব, নৌকাবাইচ, লোকসংগীত উৎসব কিংবা পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করতে পারে। এছাড়া পারিবারিক মিলনমেলার মাধ্যমে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি পর্যটকদের সামনে উপস্থাপন করা সম্ভব।


উৎসবভিত্তিক পর্যটনের সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে। উৎসবের সময় পর্যটকদের আগমনের ফলে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহন এবং স্থানীয় বাজারগুলোতে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়। এতে পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাত সক্রিয় হয়ে ওঠে।


উদাহরণস্বরূপ, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের জন্য পরিচিত কক্সবাজার-এ ঈদের ছুটির সময় লাখো পর্যটকের সমাগম ঘটে। একইভাবে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত কুয়াকাটা এবং সুন্দরবনের নিকটবর্তী এলাকাগুলো, সিলেট, মৌলভীবাজার, ইত্যাদি উৎসবের সময় পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও