পুলিশ হত্যার তদন্ত নিয়ে বক্তব্য দেইনি, সিদ্ধান্ত সুরক্ষা অধ্যাদেশের আলোকে: স্বরাষ্ট্রমন্ত্রী

www.ajkerpatrika.com প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১৬:০৯

পুলিশ হত্যার তদন্ত প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দেননি। সুরক্ষা অধ্যাদেশের আলোকে সব সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।


পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এ বিষয়ে পূর্বে কোনো বক্তব্য দেইনি। আপনারা নিশ্চয়ই জানেন, অন্তর্বর্তী সরকার সুরক্ষা অধ্যাদেশ জারি করেছে। এর ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার একটি দফা। ওই দফায় আমরা সবাই একমত হয়েছিলাম—জুলাই ছাত্র–জন–অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন ও অংশ নিয়েছেন, তাদের আইনি সুরক্ষা দিতে হবে। বিষয়টিকে আইনি ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার অঙ্গীকারও করা হয়েছে। সেই আলোকেই আমরা সিদ্ধান্ত নেব।’

মাঠের সেনাবাহিনী কবে সেনানিবাসে ফিরবে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের পর ১৫ দিন পর্যন্ত মাঠে থাকার একটি নির্দেশনা ছিল, যা শেষ হয়েছে। তবে সরকার পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে। এই মেয়াদ কবে শেষ হবে তা এখনো নির্ধারিত হয়নি। সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’


তিনি আরও বলেন, ‘সেনাবাহিনীও দীর্ঘদিন মাঠে থাকতে চায় না। তবে সরকার দায়িত্ব নেওয়ার পর এখন বিষয়টি সমন্বিতভাবে দেখা হবে এবং একসময় সেনাবাহিনীকে অবশ্যই মাঠ থেকে প্রত্যাহার করা হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও