মেগাসিরিয়ালটির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

দর্শকের আগ্রহে সুলতান সুলেমান ‘কোসেম’

শিবলী আহমেদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৬
আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৬

(প্রিয়.কম) দীপ্ত টিভিতে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ‘সুলতান সুলেমানঃ কোসেম’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন রাত ৭টা ৩০মিনিট এবং রাত ১০টায় প্রচারিত হচ্ছে সুলতান সুলেমানের পরবর্তী ধারাবাহিক সুলতান সুলেমানঃ কোসেম। সুলতান সুলেমানের দৌহিত্র সুলতান তৃতীয় মুরাদের যোগ্য উত্তরসূরি, তাঁর দৌহিত্র্য সুলতান আহমেদ ও তার সন্তানদের রাজত্বকালকে কেন্দ্র করে নির্মিত তুরস্কের এই জনপ্রিয় মেগাসিরিয়াল।

মেগা সিরিয়ালের একজন অভিনেত্রী। ছবি: সংগৃহীত

হুররাম সুলতানার পর অটোম্যান সাম্রাজ্যের অন্যতম মহিয়সী নারী হয়ে উঠে সুলতান আহমেদের সহধর্মিণী ‘কোসেম সুলতান।’ এক সাধারণ গ্রীক বণিকের কোমলমতি মেয়ে ‘আনাস্তাসিয়া’ যে পরবর্তীতে ‘মাহপেইকার’ এবং সর্বশেষ ‘কোসেম’ উপাধি লাভ করে, যে কি না হুররাম সুলতানের মতোই বারবার প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয় এবং সর্বশেষ পিতার হত্যার প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে শক্তিমান করে তোলে। ধীরে ধীরে কোসেম সুলতান এতটাই প্রভাবশালী হয়ে ওঠে যে, হুররাম সুলতানের মতো লুকিয়ে নয় বরং প্রকাশ্যে সম্রাজ্যের নানা বিষয়াদি নিজের নিয়ন্ত্রণে রাখে। তার পথের বাধা হয়ে দাঁড়ায় সুলতান তৃতীয় মুরাদের স্ত্রী আরেক ক্ষমতাধর সম্রাজ্ঞী ‘সাফিয়ে সুলতান।’ এদিকে সুলতান আহমেদের সৎ মা হালিমে সুলতান নিজ সন্তান মুস্তাফাকে সিংহাসনে বসানোর প্রয়াস চালায় এবং বারবার কোসেম ও সুলতান আহমেদের সামনে নতুন বাধা সৃষ্টি করে। ভাই হত্যা, প্রাসাদ চক্রান্ত, যুদ্ধ-বিগ্রহ, রাজ্যজয়, অস্থিতিশীল রাজনৈতিক ঘটনা, ক্ষমতার দ্বন্দ্ব ও লড়াই এই সিরিয়ালের উপজীব্য বিষয়।

এ মেগাসিরিয়ালটি নিয়ে প্রিয়.কমের সঙ্গে কথা হয় দীপ্ত টেলিভিশনের অ্যাসিস্টেন্ট অফিসার (প্রোগ্রামার্স) জাকিয়া সুলতানার সঙ্গে। তিনি বলেন, ‘কোসেম, সুলতান সুলেমানের চেয়ে বেশি মানুষ দেখবে, কেননা, এর কাহিনি আরও বেশি মজার। এর একটি পর্ব দেখার পর আরেকটি পর্ব দেখতে চাইবে দর্শক। এটি প্রচারিত হওয়ার আগেই অনেক দর্শক আমাদের ফোন করে জানতে চেয়েছেন যে, এটি কবে থেকে প্রচারিত হবে।’

পরবর্তীতে এর ধারাবাহিকতায় আরও কোনো মেগাসিরিয়াল আসবে কি না, এ প্রশ্নের উত্তরে জাকিয়া বলেছেন, ‘আরও সিরিয়াল আসবে কিন্তু সেগুলো এখনই বলা যাবে না। ঠিক এটির পরই কোনটি আসবে সেটি এখনো ঠিক হয়নি।’

প্রিয় বিনোদন/গোরা