ছবি সংগৃহীত
নভোচারী হতে চেয়েছিলেন আব্দুল বারী
আপডেট: ২৪ জানুয়ারি ২০১৭, ১৪:২৮
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একান্ত সচিব আব্দুল বারী। ছবি: সংগৃহীত।
(প্রিয়.কম) বর্তমান সরকারের সবচেয়ে আলোচিত মন্ত্রণালয়গুলোর একটি তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। ডিজিটাল সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে কাজ করছেন এ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। তাঁদের একজন আব্দুল বারী। পুরো নাম মো. আব্দুল বারী তুষার। তিনি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একান্ত সচিবের দায়িত্ব পালন করছেন। ছোট সময় তিনি স্বপ্ন দেখতেন একজন নভোচারী হবেন। কিন্তু সময়ের বিবর্তনে তা আর হয়ে ওঠেনি। নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি প্রিয়.কমকে বলেন, 'হতে চেয়েছিলাম নভোচারী, আর হয়েছি সরকারের চাকর।'
মো. আব্দুল বারী তুষার জন্মগ্রহণ করেন ১৯৮০ সালের ১ জুন। বাবা মো. মকবুল হোসেন এবং মা. হাসিনা বেগম। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। স্ত্রী সিরাত মাহমুদা, সিভিল সার্ভেন্ট। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক। তাঁদের দুই মেয়ে, অবারিত হাসিন রাইন ও অনাবিল হাসিন নাইল। আব্দুল বারী পড়াশোনা করেছেন সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ, নাটোর, নিউ গভ: ডিগ্রি কলেজ, রাজশাহী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
নিজের জীবনে প্রথম আয় সম্পর্কে বলতে গিয়ে তিনি হেঁসে বলেন, 'অবশ্যই টিউশনি থেকেই আমার প্রথম আয় হয়েছে। তবে যদি প্রথম চাকরির কথা বলেন তাহলে সেটা ছিল একটি কনসালটেন্সি ফার্মের জব। সেখানে অবশ্য স্বল্প সময়ের জন্য চাকরি করেছি। আব্দুল বারী পেশায় সিভিল সার্ভেন্ট, আইসিটি বিভাগের আগে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডে কর কর্মকর্তা হিসেবে। তারও আগে ছিলেন একজন ব্যাংকার।'
তাঁর বর্তমান ব্যস্ততা সম্পর্কে বলেন, 'মাননীয় আইসিটি প্রতিমন্ত্রীর একান্ত সচিবের নিয়মিত দ্বায়িত্বের পাশাপাশি এ মন্ত্রণালয়ের একটি অভিনব উদ্যোগের শুরু থেকেই সম্পৃক্ত আছি। সেটি হলো Innovation Design and Entrepreneurship Academy (iDEA), যার মাধ্যমে আমরা বাংলাদেশে একটি শক্তিশালি ইনোভেশন ইকোসিস্টেম এবং উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে চাই। ফলশ্রুতিতে বাংলাদেশের অত্যন্ত মেধাবি তরুণ-তরুণীরা উদয়মান ডিজিটাল অর্থনীতিতে নিজেদের মেধা কাজে লাগিয়ে বিশ্ব অর্থনীতিতে আমাদের অবস্থানকে সুসংহত করতে পারবে।'
জীবনে অপ্রাপ্তি সম্পর্কে বলেন, 'ঠিক অপ্রাপ্তি নয়। নিজের মতকরে একটি প্রতিষ্ঠান গড়তে চাই মানুষ ও সমাজের উন্নয়নের লক্ষ্যে। তবে এখনো সে বিষয়ে কোন কাজ শুরু করতে পারিনি।' আপনার কোন সিক্রেট আছে কিনা যা মানুষ জানে না? উত্তরে বারী বলেন, 'নাথিং ইজ সিক্রেট। ওপেন সিক্রেট।' সব শেষে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, 'বাংলাদেশের অদম্য মেধাবি ও অমিত সম্ভাবনাময় তরুণ-তরুণীদের সৃজনশীল ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে একটি সহায়ক পরিবেশ বিনির্মাণে কাজ করে যেতে চাই।'