দ্বিজেন্দ্রলাল রায়ের কোনো লেখাই ডনাল্ড ট্রাম্প পড়েননি, এটা হলফ করেই বলে দেওয়া যায়। তার পরও, তার সেই বিখ্যাত ছড়ার বাণী মার্কিন প্রেসিডেন্টের বচন আকারে বেরোলো কী করে?
ঐতিহাসিক আর্টেমিস টু চন্দ্রাভিযান মিশনের নভোচারীদের হোয়াইট হাউসে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে, এইটুকু করেই যে তিনি থেমে থাকার পাত্র নন, সেটা যারা তাকে বিলক্ষণ চেনেন, তাদের অনুমানে কষ্ট হওয়ার কথা নয়।
বুধবার ওভাল অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে নভোচারীদের সাহসের প্রশংসা করার পাশাপাশি ট্রাম্প বলেছেন, নভোচারী হওয়া তার জন্য কোনো কঠিন কাজ ছিলই না। রসিকতার ছলে এর কারণটিও বলে দিয়েছেন তিনি, শারীরিকভাবে তিনি খুবই ফিট কিনা!