লাঙল প্রতীক এবং মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি: সংগৃহীত
লাঙলের জয়, ঝন্টুকে হারিয়ে বদলা নিলেন মোস্তাফিজার
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭, ২৩:০৯
(প্রিয়.কম) রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকে অংশ নেওয়া মোস্তাফিজার রহমান মোস্তফা। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মোস্তাফিজার রহমান মোস্তফা নৌকা প্রতীকে লড়া আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে ব্যাপক ব্যবধানে হারিয়ে রংপুরের নগর পিতার দায়িত্বে আসীন হতে যাচ্ছেন।
নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে অংশ নেওয়া কাওসার জামান তেমন সুবিধা করতে পারেননি।
এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ সিটি করপোরশনের ১৯৩টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। লাঙল প্রতীক নিয়ে মোস্তাফিজার রহমান পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট। নৌকা প্রতীক নিয়ে বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। আর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির কাওসার জামান পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট।
যদিও বিএনপি অভিযোগ করেছে ভোট সুষ্ঠু হয়নি।
২০১২ সালে রংপুরে প্রথম মেয়র নির্বাচনে সরফুদ্দিন আহমেদ ঝন্টু প্রায় ৭৮ হাজার ভোটের ব্যবধানে মোস্তাফিজার রহমান মোস্তফাকে হারিয়েছিল। আর ২০১৭ সালের মেয়র নির্বাচনে ঝন্টুকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে বদলা নিলেন মোস্তাফিজার। ২০১২ সালের নির্বাচনে ঝন্টু পেয়েছিল ১ লাখ ৫৫ হাজার ভোট। আর মোস্তাফিজুর রহমান পেয়েছিল ৭৭ হাজার ভোট।
এদিকে এরশাদ ও লাঙল প্রতীকের প্রতি আস্থা রাখায় রংপুরবাসীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।
বৃহস্পতিবার সন্ধ্যায় আলাদা বিবৃতিতে এই অভিনন্দন জানান তারা। বিবৃতিতে তারা সরকার, নির্বাচন কমিশন, রংপুরের স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।
অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রংপুরের সিটি নির্বাচনে আওয়ামী পরাজয় মেনে নিয়ে বলেন, রংপুর সিটি নির্বাচনে ক্ষমতাসীন দলের নির্বাচনী পরাজয় হলেও আওয়ামী লীগের রাজনৈতিক বিজয় হয়েছে।
সন্ধ্যায় রংপুর সিটি নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, রংপুর সিটি নির্বাচনে সুষ্ঠু ভোট হয়েছে। প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন।
বিএনপির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘যে কেউ অভিযোগ করতে পারেন, আমরা মনে করি তা সঠিক নয়। তবুও অভিযোগ যেহেতু করেছে, আমরা তা খতিয়ে দেখব।’
এবার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন ২৭৬ জন। ১৯৩ কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়েছে। ২০৫৯ জন ভোটারের মধ্যে সেখানে ভোট দিয়েছেন ১২৫২ জন; অর্থাৎ ভোট পড়েছে ৬০.৮১%। এ কেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান লাঙল প্রতীক নিয়ে ৬৭৪, আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ ৩৩৪ ও বিএনপির প্রার্থী কাওসার জামান পেয়েছেন ১১৭ ভোট।
এর আগে সকালে বিএনপি সংবাদ সম্মেলন করে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের অর্ধদিবস পার না হতেই নির্বাচনের স্বচ্ছতা-নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রংপুর সিটি করপোরেশনে শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত। কারণ বিএনপি ও বিএনপি সমর্থিত ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে তারা যেন ভোট কেন্দ্রে না যায়। এ ছাড়া নির্বাচনী এজেন্টদেরও নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।’
বিএনপির এ অভিযোগ খারিজ করে দিয়ে ‘সুষ্ঠু ও সুন্দর’ পরিবেশে উৎসবের আমেজে ভোট হওয়ায় কমিশন ‘সন্তুষ্ট’ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, ‘এই নির্বাচন একটি মডেল নির্বাচন।’
উল্লেখ্য, ২০১২ সালের ২০ ডিসেম্বর জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিল অনুযায়ী, ২০০৯-এর মাধ্যমে রংপুর পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে রংপুর সিটি করপোরেশনে উন্নীত করা হয়।
পরে ওই বছরের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র হয়েছিলেন সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
রংপুর সিটি করপোরেশনে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬ এবং নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। পাঁচ বছর আগে এ নির্বাচনের ভোটার ছিল তিন লাখ ৫৭ হাজার ৭৪২ জন।
প্রিয় সংবাদ/কামরুল
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- বাংলাদেশ
- রাজনীতি
- জাতীয় পার্টি
- লাঙ্গল মার্কা
- বিএনপি
- আওয়ামী লীগ
- মেয়র
- সুষ্ঠু নির্বাচন
- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
- রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২০১৭
- ওবায়দুল কাদের
- রুহুল কবির রিজভী আহমেদ
- কে এম নূরুল হুদা
- মো. রফিকুল ইসলাম
- সরফুদ্দিন আহমেদ ঝন্টু
- মোস্তাফিজার রহমান মোস্তফা
- কাওছার জামান বাবলা
- রংপুর জেলা