ছবি সংগৃহীত

কোরবানির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতের শেষ সময় এখনই

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৩, ১৪:০৭
আপডেট: ১৫ অক্টোবর ২০১৩, ১৪:০৭

কোরবানির পশু জবাইয়ের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। শহর-নগর-গ্রাম সবখানেই কামাররা সমান ব্যস্ত পুরোনো দা, ছুরি এবং বটিতে শাণ দিতে। কেউবা ব্যস্ত নতুন নতুন দা-ছুরি তৈরিতে। তাই দম ফেলার যেন সময় নেই তাদের। কোরবানিদাতারা কোরবানির পশু কাটাছেড়া করার জন্যে পরিবারের ব্যবহৃত ও অব্যবহৃত সবক’টি দা ছুরি ধামা আর বটি শাণ দেয়ার জন্যে নিয়ে আসছে কামারদের কাছে। কেউ কেউ নতুন করে বানাতে দিচ্ছে। আবার কেউ কিনে নিচ্ছে নতুন দা-ছুরি। ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কামারদের বিরামহীন ব্যস্ততা। এদিকে কোরবানিকে সামনে রেখে অনেক মৌসুমী বিক্রেতা বিক্রি করছেন কোরবানি পশু কাটাছেড়া করার বিভিন্ন সরঞ্জাম। অনেক ভ্রাম্যমাণ ব্যবসায়ীও বিভিন্ন বাসার দ্বারে দ্বারে ছুটছেন দা-ছুরি নিয়ে। শুধু কোরবানির গরু কিনে ক্ষান্ত হলে চলবে না। যেহেতু কোরবানির ঈদ, তাই পশু জবাই থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ রয়েছে অনেক ঝামেলা। পশু কোরবানির রয়েছে অনেক ধাপ। যেমন-পশু জবাই, রাখার উপকরণ ঠিক করা, পরিমাপ করা এবং স্থানটিকে পরিচ্ছন্ন করা। কোরবানি করতে প্রয়োজন হবে ছুরি ও চাপাতি। তেমনি চামড়া ছাড়াতে, মাংস বানাতে প্রয়োজন হবে ছুরি, চাকু, দা, কুড়াল, কাঠের গুঁড়ি। প্রতিটি ছুরি, কুড়াল, চাকু ও দা যাই বলি না কেন, সবই আগেভাগে সংগ্রহ করে রাখতে হবে। তা না হলে ঈদের দিন পড়তে হবে ভারি ঝামেলায়। এসব ঝামেলা থেকে মুক্ত থাকতে হলে কোরবানির প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনে ফেলুন এখনই।

(১)চাপাতি :

মূলত কোরবানির পশু জবাইয়ের কাজে ব্যবহার করা হয় এটি। তবে গরুর চামড়া যদি মোটা হয় তবে চামড়া ছাড়ানোর কাজেও ব্যবহার করা যায়। এটি কিছুটা আকারে বড়, তাই বহনের সময় সাবধানতা অবলম্বন করা উচিত। রেডিমেড বা অর্ডার দিয়ে বানিয়ে নেওয়া যায়। দাম লোহার ওজন কেমন সেটির উপর নির্ভর করে।

(২)দা :

দা দুই ধরনের। একটি সাধারণ, অন্যটি রামদা। রামদা কিছুটা চাপাতির কাজ করে। তবে দা মাংস বানানোর কাজে লাগে। এর সাইজ বা আকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। এর হাতল কাঠ বা লোহার হতে পারে।

(৩)ছুড়ি-চাকু:

পশুর চামড়া ছাড়ানোর জন্য ছুরি-চাকুর প্রয়োজনীয়তা অনেক। তবে চাকু যেন অনেক ধারালো হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তা ছাড়া হাড় থেকে মাংস ছাড়াতে ছুরি ব্যবহার করা হয়। ছোট থেকে বড় অনেক সাইজের ছুরি-চাকু বাজারে পাওয়া যায়।

(৪) কুড়াল :

সাধারণত মোটা হাড়গুলোকে পিস করতে এটি ব্যবহার করা হয়। তবে কুড়াল না থাকলে ভারী দা দিয়ে কাজ চালাতে পারেন। এ ছাড়া বেশকিছু সরঞ্জামের প্রয়োজন হয়। কাঠের গুঁড়ি। সাধারণত মাংসের ওপর রেখে কাটতে এটি ব্যবহার করা হয়। আরও লাগে চাটাই, মোটা পলিথিন, দাঁড়িপাল্লা ও দড়ি।