পুশ ইনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত: শফিকুর রহমান
পার্শ্ববর্তী দেশ ভারতে সংখ্যালঘু নির্যাতন ও পুশ ইনের বিষয়টি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার জাপান সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন দলের আমির শফিকুর রহমান।
শফিকুর রহমান বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেটা করণীয়, সেটা আমরা করব। ইসলাম ধর্মকে সেখানে (ভারতে) আলাদা করে দেখা হবে কেন? তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। সেই দেশের সকল ধর্মের মানুষের তাঁর ধর্মীয় অধিকার, তাঁর নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। আমরা ভারত সরকারের প্রতি অনুরোধ জানাব, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারও কোনো ক্ষতি সাধন করা না হয়।’
পুশ ইনের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘এটা আরও যাচাই-বাছাই করে যদি সে রকম কোনো বিষয় আমাদের সামনে আসে, আমাদের ভূমিকা আপনারা দেখবেন ইনশা আল্লাহ। আমরা কোনো অন্যায়ের ব্যাপারেই নীরব থাকব না। প্রতিবেশীকে আমরা সম্মান করি, কিন্তু কোনো প্রতিবেশী আমাদের অপমান করবে, এটাও কারও কাছ থেকে আমরা চাই না।’