ছবি সংগৃহীত
কাপড় থেকে চুইংগাম দূর করে ফেলুন সহজ ৭ উপায়ে
আপডেট: ১২ জুলাই ২০১৬, ০৬:২৯
ফটো সোর্স: www.berkeleywellness.com
(প্রিয়.কম)- কাপড় বিভিন্ন ভাবে ময়লা হতে পারে। বাইরের ধুলোবালি তো আছে, সাথে চা, কফি পড়ে কাপড়কে আরও বেশি ময়লা করে দেয়। সাধারণত ডিটারজেন্ট দিয়ে ধুলে কাপড় পরিষ্কার হয়ে যায়। এই দাগ যদি চুইংগামের হয় তবে? কাপড়ে একবার চুইংগাম লেগে গেলে তা দূর করা বেশ কষ্টসাধ্য। অনেক সময় তো প্রিয় কাপড়টি ফেলে দিতেই হয়। সহজ কিছু উপায়ে কাপড় থেকে চুইংগাম তুলে ফেলা যায়। আসুন তাহলে আজ জেনে নিই উপায়গুলো।
১। চুইংগাম লাগা কাপড়টি একটি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে রাখুন। তারপর সেটির মুখ ভাল করে লাগিয়ে নিন। এবার ব্যাগটি ফ্রিজে রাখুন দুই ঘন্টার জন্য। দুই ঘণ্টা পর ব্যাগটি ফ্রিজ থেকে বের করুন। দেখবেন চুইংগাম শক্ত হয়ে গেছে এবং কাপড় থেকে সহজে উঠে আসছে। কাপড় থেকে চুইংগামটি তুলে ফেলুন।
২। চুইংগাম তুলতে লেবুর রস ম্যাজিকের মত কাজ করে। চুইংগাম লাগা কাপড়টি লেবুর রসে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেখবেন চুইংগাম সহজেই উঠে আসছে। তারপর কাপড়টি ধুয়ে ফেলুন।
৩। মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির অন্যতম উপাদান হেয়ার স্প্রে। এই হেয়ার স্প্রে কাপড় থেকে চুইংগাম তুলতে সাহায্য করবে। চুইংগামের উপর হেয়ার স্প্রে ব্যবহার করুন। চুইংগাম শক্ত হয়ে যাবে এবং সহজে উঠে আসবে।
৪। রান্নায় ব্যবহৃত ভিনেগার দিয়ে দূর করুন কাপড়ে চুইংগাম! চুইংগাম লাগা কাপড়টি ভিনেগারে ভিজিয়ে রাখুন। চুইংগাম শক্ত হয়ে গেলে এটি তুলে ফেলে দিন।
৫। চুইংগামের উপর কিছু পরিমাণ মেয়নিজ লাগিয়ে রাখুন। এটি চুইংগাম দূর করে দেবে। তবে আস্তে আস্তে।
৬। একটি পাত্রে পানি ফুটতে দিন। পানি ফুটে আসলে গরম ভাপ কাপড়ের চুইংগামের উপর দিয়ে দিন। এভাবে এক মিনিট রাখুন। চুইংগাম নরম হয়ে আসলে আস্তে করে তুলে ফেলুন।
৭। চুইংগামের উপর কিছু পরিমাণ পিনাট বাটার লাগিয়ে নিন। এরপর একটি ভোঁতা ছুরি দিয়ে গামটি ঘষুন। পিনাট বাটারের তেল যদি কাপড়ে ছড়িয়ে যায় তবে চুইংগাম তুলে ফেলার পর পরই ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুয়ে ফেলুন।
লিখেছেন
নিগার আলম
ফিচার রাইটার, প্রিয় লাইফ
প্রিয়.কম
- ট্যাগ:
- ঘরদোর
- লাইফ
- কাপড়ের দাগ
- চুইংগাম