কৃষিতে কীটনাশক কি অপরিহার্য
আগে কেবল সরকারি হাসপাতালগুলোয় রোগীর ভিড় থাকত। এখন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোও রোগীর ভিড়ে গিজগিজ করে। ছোট-বড় নানা রোগ নিয়ে মানুষ চিকিৎসকের দরবারে ছুটছে। কে এ জমানায় সুস্থ আছে সেটিই এখন খুঁজতে হচ্ছে। দেহের অসুখ না থাকলে আছে মনের অসুখ। সব মিলিয়ে দেশের মানুষের স্বাস্থ্য এক নাজুক অবস্থার মধ্যে চলে যাচ্ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, ২০ থেকে ৭৯ বছর বয়সী বাংলাদেশি নাগরিকদের মধ্যে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। অথচ ৪০ শতাংশ মানুষ জানেই না যে তাদের ডায়াবেটিস আছে। ডায়াবেটিস রোগাক্রান্ত লোকের সংখ্যার বিচারে বাংলাদেশ বিশ্বে সপ্তম অবস্থানে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, দেশে বর্তমানে ক্যানসার আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৩ লাখ ৪৬ হাজার। প্রতিবছর দেশে নতুন করে ১ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ নতুনভাবে ক্যানসারে আক্রান্ত হচ্ছে। লাখের বেশি মানুষ প্রতিবছর ক্যানসারে প্রাণ হারান।
দুঃখজনক হলেও সত্য, ক্যানসার আক্রান্ত এসব রোগীর মধ্যে কৃষকই বেশি। বাংলাদেশে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের করা এক জরিপে দেখা গেছে যে হাসপাতালে ক্যানসারে আক্রান্ত যত পুরুষ রোগী ভর্তি হন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক পেশায় কৃষক। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত সংস্থাটির হাসপাতালে যত রোগী ভর্তি হয়েছে, তাদের ওপর এই জরিপ করা হয়। জরিপে দেখা গেছে, ২০১৭ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে ভর্তি করা পুরুষ রোগীদের মধ্যে ৬৪ শতাংশই নানাভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত, তথা কৃষক। প্রশ্ন হলো, যে কৃষক সকাল-সন্ধ্যা মাথার ঘাম পায়ে ফেলে এ দেশের মানুষের জন্য খাদ্য উৎপাদন করেন, তাঁদের কপালে কেন এই দুর্ভোগ? আর অন্যরাই-বা কেন এত বেশি ক্যানসারে আক্রান্ত হচ্ছেন?
বাংলাদেশে ক্যানসার রোগের প্রধান কারণগুলোর মধ্যে তামাক ও ধূমপান, পরিবেশ ও বায়ুদূষণ, অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য—এগুলো অন্যতম। অস্বাস্থ্যকর ও অনিরাপদ খাদ্যের প্রধান উৎস হলো ফসলের মাঠ। ফসলের মাঠে ফসল শুধু পরিবেশগত কারণেই দূষিত হচ্ছে না, সেখানে কৃষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষকেরা জেনে বা না জেনে বাছবিচারহীনভাবে বিভিন্ন অনুমোদিত-অননুমোদিত কৃষি রাসায়নিক দ্রব্য ফসলের খেতে প্রয়োগ করছেন। এতে শুধু ফসলই না, ফসলের খেত থেকে সেসব রাসায়নিক ক্ষতিকর দ্রব্য মিশছে মাটিতে, খেত থেকে বেরিয়ে যাওয়া সেচের পানি গিয়ে মিশছে নালা-ডোবা ও খালে-বিলে। যার পরিণতিতে মাটি, পানি ও বায়ু দূষিত হচ্ছে। উৎপাদিত ফসলে সহনীয় মাত্রার চেয়ে প্রায়ই বেশি মাত্রায় বালাইনাশক, বিশেষ করে কীটনাশকের অবশিষ্টাংশ রয়ে যাচ্ছে খাদ্যে, যে খাদ্য খেয়ে বাড়ছে ক্যানসারের ঝুঁকি। পাশাপাশি একজন কৃষক যখন তাঁর ফসলকে রোগ-পোকা থেকে বাঁচাতে গিয়ে যথাযথ সুরক্ষা ব্যবস্থা না নিয়েই বিষাক্ত বালাইনাশক খেতে ছিটাচ্ছেন, সে বিষাক্ত বালাইনাশক তাঁর ত্বকে লাগছে, চোখমুখে লাগছে ও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে দেহের ভেতরে প্রবেশ করছে। ফলে তার ক্যানসারসহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়ছে। ফসল বাঁচাতে গিয়ে কৃষককেই শেষে প্রাণ হারাতে হচ্ছে।
যদিও সব কীটনাশক ক্যানসার সৃষ্টি করে না, তবু বাংলাদেশে নির্দিষ্ট কিছু কীটনাশকের দীর্ঘমেয়াদি ও অনিরাপদ সংস্পর্শকে ক্যানসারের ঝুঁকি বাড়ানোর একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হয়। শুধু ক্যানসারই না, কৃষকদের মধ্যে অনেকেই অন্যান্য দীর্ঘমেয়াদি জটিল রোগে ভুগছেন। বেশির ভাগ কৃষকই সঠিক চিকিৎসাসেবা নিতে অক্ষম। তাই তাঁদের কী পরিণতি হচ্ছে, তা সহজেই অনুমেয়। পরিবেশের কথা নাহয় স্থগিত রাখলাম, কিন্তু যেখানে মানুষের জীবনের প্রশ্ন জড়িত, সেখানে কোনো আপস করা যায় না।
এ থেকে কৃষকদের পরিত্রাণ পেতে আমাদের সাহায্য করা দরকার। অথচ চাষাবাদের ধরন এখন অনেক বদলে গেছে। এখন বালাইনাশকের ব্যবহার ছাড়াই নিরাপদ ফসল উৎপাদনের অনেক কলাকৌশল এসেছে। ফসল উৎপাদন করতে কোনো কোনো ক্ষেত্রে কীটনাশক তথা বালাইনাশকের প্রয়োজন হয়তো আছে, কিন্তু অনিবার্য নয়।
এ দেশে গত শতকে ষাটের দশকে সবুজ বিপ্লবের হাত ধরে আগমন ঘটে কীটনাশকের। ১৯৫১ সালে প্রথম এ দেশে সরকারিভাবে কীটনাশক আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়, ১৯৫৫ সালে প্রথমবারের মতো ৩ টন এনড্রিন আনা হয় ও তা ফসলের খেতে প্রয়োগ করা হয়। ১৯৭০ সালে আমদানি করা হয় প্রায় ৪ হাজার টন বালাইনাশক। গত পাঁচ দশকে বালাইনাশকের ব্যবহার বেড়েছে ১০ গুণের বেশি। কৃষকেরা সহজে হাতের নাগালে এসব বালাইনাশক পাওয়ায় সাত-পাঁচ না ভেবে এগুলোই নির্বিচারে ফসলের খেতে প্রয়োগ করছেন।
- ট্যাগ:
- মতামত
- কীটনাশকের ব্যবহার
- কৃষি উৎপাদন