আমরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক নেতাদের বক্তৃতা, বিবৃতি ও পারস্পরিক অভিযোগে একটি সতর্কবাণী শুনে আসছি-‘আগুন নিয়ে খেলবেন না।’ কখনো তা রাজনৈতিক হুঁশিয়ারি, কখনো প্রতিপক্ষকে সতর্ক করার ভাষা। কিন্তু সাম্প্রতিক সময়ে উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করছি, সেই রূপক অর্থের আগুন যেন বাস্তবের ভয়াবহ অগ্নিশিখায় পরিণত হচ্ছে। রাজনৈতিক বিরোধ ও প্রতিহিংসার কারণে প্রতিপক্ষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনা ও অভিযোগ আমাদের বিবেককে নাড়া দিচ্ছে। এটি কেবল আইনশৃঙ্খলার সংকট নয়; জাতীয় জীবনে গভীর বিভাজন ও বিপজ্জনক ভবিষ্যতের এক অশনিসংকেত।
রাজনীতি মানুষের কল্যাণ, সমাজের অগ্রগতি এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। সেখানে মতপার্থক্য, প্রতিযোগিতা ও ক্ষমতার পালাবদল স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে পরাজিত করার পরিবর্তে তার অস্তিত্ব নিশ্চিহ্ন করার মানসিকতা কোনো সভ্য সমাজের বৈশিষ্ট্য হতে পারে না। রাজনৈতিক বিশ্বাসের কারণে কারও বাড়িঘরে আগুন দেওয়া, সম্পদ ধ্বংস করা কিংবা পরিবারকে আতঙ্কিত করা শুধু ফৌজদারি অপরাধ নয়; মানবিক মূল্যবোধ ও সভ্যতার ওপর সরাসরি আঘাত। সবচেয়ে উদ্বেগজনক হলো, রাজনৈতিক অসহিষ্ণুতা ক্রমেই সামাজিক সম্পর্ক ও জাতীয় ঐক্যের ভিত্তিকে দুর্বল করছে। রাজনৈতিক পরিচয় যেন মানুষের নিরাপত্তা ও পারস্পরিক সম্পর্ক নির্ধারণের মানদণ্ড হয়ে উঠছে। ভিন্নমতকে শত্রুতা এবং প্রতিপক্ষকে ব্যক্তিগত শত্রু হিসাবে বিবেচনা করার প্রবণতা সমাজে স্থায়ী বিভাজনের আশঙ্কা তৈরি করছে। এভাবে চলতে থাকলে রাজনৈতিক বিরোধ একসময় সামাজিক বৈরিতায় রূপ নেবে, যার পরিণতি শুধু রাজনৈতিক অস্থিরতা নয়, জাতীয় সংহতির জন্যও মারাত্মক হুমকি।
ইতিহাস আমাদের শিক্ষা দেয়, প্রতিহিংসার আগুন কখনো একটি পক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আজ যে আগুন প্রতিপক্ষের ঘরে জ্বালানো হচ্ছে, কাল সেই আগুন নিজের ঘরেও পৌঁছাতে পারে। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে প্রতিশোধের পালাবদল চলতে থাকলে সমাজ অন্তহীন সংঘাতের চক্রে আবদ্ধ হয়ে পড়ে। তখন প্রতিটি পক্ষ অতীতের অন্যায়কে বর্তমানের অন্যায়ের যুক্তি হিসাবে ব্যবহার করে। অথচ একটি অন্যায় কখনো আরেকটি অন্যায়কে বৈধতা দিতে পারে না। এভাবে প্রতিশোধের সংস্কৃতি প্রতিষ্ঠিত হলে শেষ পর্যন্ত পরাজিত হয় সমগ্র জাতি।
বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে দীর্ঘ সংগ্রাম ও অসীম আত্মত্যাগের বিনিময়ে। সেই স্বাধীনতার মৌলিক প্রত্যাশা ছিল এমন একটি রাষ্ট্র, যেখানে প্রত্যেক নাগরিক রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে নিরাপদে বসবাস করবে এবং আইনের সমান সুরক্ষা পাবে। অথচ স্বাধীনতার এত বছর পরও রাজনৈতিক পরিচয়ের কারণে মানুষের জীবন ও সম্পদ বিপন্ন হওয়ার ঘটনা আমাদের গভীর আত্মসমালোচনার মুখোমুখি দাঁড় করায়। স্বাধীনতার প্রকৃত সার্থকতা মানুষের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করার মধ্যেই নিহিত।
উদ্বেগের বিষয়, রাজনৈতিক অসহিষ্ণুতার প্রভাব দেশের সীমানা অতিক্রম করে প্রবাসী সমাজেও পৌঁছাচ্ছে। যুক্তরাজ্যে বাংলাদেশকেন্দ্রিক রাজনৈতিক সংঘাত ও বিশৃঙ্খলার প্রেক্ষাপটে একজন ব্রিটিশ সংসদ সদস্যের নামে এমন মন্তব্য প্রচারিত হয়েছে যে, বাংলাদেশের রাজনৈতিক বিরোধ নিয়ে তার কোনো আগ্রহ নেই এবং যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বহিষ্কার করা উচিত। মন্তব্যটির যথার্থতা ও প্রেক্ষাপট যাচাই করা প্রয়োজন। তবে এর অন্তর্নিহিত সতর্কবার্তা উপেক্ষণীয় নয়। প্রবাসীরা দীর্ঘদিনের পরিশ্রম, সততা ও মেধার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের যে সম্মান প্রতিষ্ঠা করেছেন, রাজনৈতিক সহিংসতার মাধ্যমে সেই অর্জনকে প্রশ্নবিদ্ধ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক।