মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পরও থেমে নেই ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী আটক ও বহিষ্কার অভিযান। বরং আটক ও বহিষ্কার কর্মসূচি বাস্তবায়ন পদ্ধতির কঠোরতা বৃদ্ধি পেয়েছে। ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্টরা হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান, আদালত প্রাঙ্গণ থেকে, এমনকি বিমান থেকে টেনেহিঁচড়ে নামিয়ে অভিবাসীদের আটক করছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি মার্কওয়েন মুলিন এক সপ্তাহ আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, থ্যাঙ্কসগিভিং, ক্রিসমাস, নিউইয়ার্স ডে-সহ সরকারি ছুটির দিনগুলোতেও অভিবাসী আটকাভিযান অব্যাহত থাকবে। গত ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটরা বিজয়ী হলে অভিবাসীরা স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে বলে আশা করলেও কার্যত তা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের সংবিধান প্রেসিডেন্টকে এত ক্ষমতা দিয়েছে যে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই তিনি তার নির্বাহী ক্ষমতাবলে তার এজেন্ডা বাস্তবায়নে কোনো বাধার সম্মুখীন হন না। অবৈধ অভিবাসী বিতাড়ন অভিযান থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এক চুলও সরে আসেননি।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ‘আইস’ চলতি ২০২৬ সালে অতীতের যে কোনো বছরের চেয়ে অধিক অবৈধ অভিবাসী আটক ও বহিষ্কার করেছে। তাদের হিসাব অনুযায়ী, এ বছর তারা ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসীকে আটক এবং ৪ লাখ ৮৩ হাজারের বেশি অভিবাসীকে বহিষ্কার করে পূর্ববর্তী যে কোনো বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। চলতি বছরের আরও এক মাস বাকি আছে। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের (২০২১-২০২৪) পুরো চার বছরের মধ্যে শেষ তিন বছরে সর্বমোট ৪ লাখ ৮৬ হাজার অভিবাসী বহিষ্কার করা হয়েছিল। তার মেয়াদের প্রথম বছর ২০২১ সালে বহিষ্কার করা হয়েছিল ৫৯ হাজারের বেশি অভিবাসীকে। ট্রাম্পের মেয়াদের দ্বিতীয় বছর ২০২৬ সালের ১১ মাসেই বহিষ্কৃত অভিবাসী সংখ্যা বাইডেনের প্রথম বছরে বহিষ্কৃতের আটগুণেরও বেশি। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিনের মতে, ‘আইস’ যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী বহিষ্কার করার মধ্য দিয়ে আমেরিকা ও আমেরিকানদের নিরাপদ করতে দিনরাত নিরলসভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে ‘আইস’কে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করতে অবাধ ক্ষমতা প্রদান করা হয়েছে এবং ক্ষমতা প্রয়োগ করতে তারা বলপ্রয়োগ করেছে।
‘আইস’ তার অভিবাসীবিরোধী অভিযানে অভিবাসীদের কেবল আটক ও বহিষ্কারই করেনি, তাদের হেফাজতে থাকা অভিবাসীদের ওপর নিপীড়নের কারণে উল্লেখযোগ্যসংখ্যক অভিবাসীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের পর অভিবাসী বহিষ্কার সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করার দিন থেকে ২০২৬ সালের ৪ জুন পর্যন্ত ৫০০ দিনে ‘আইস’ হেফাজতে ৫২ জন মারা গেছে। এ সময়ে ‘আইস’ হেফাজতে মৃত্যুর হার এর পূর্ববর্তী এক দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে মৃত্যুহার দ্বিগুণেরও বেশি হয়েছে। ট্রাম্প প্রশাসন অভিবাসীবিরোধী অভিযান জোরদার করার ফলে আটককৃতের সংখ্যা বৃদ্ধি পেলেও তাদের বহিষ্কার করার আগে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া এবং প্রত্যেকের নিজ নিজ দেশে প্রেরণের ব্যবস্থা সম্পন্ন করার আগপর্যন্ত তাদের স্বাস্থ্যসম্মতভাবে আটক রাখার সুযোগ সৃষ্টি করা হয়নি। তাদের যেনতেনভাবে নির্মিত সাময়িক আটককেন্দ্রে রাখার কারণে অভিবাসীদের অনেকে ব্যাধিগ্রস্ত হয়ে এবং খাদ্যাভাব ও চিকিৎসার অভাবে মারা গেছে।