হঠকারিতা-সহিংসতায় কল্যাণ নেই কারও

www.ajkerpatrika.com কালিয়া আজাদুর রহমান চন্দন প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:২০

নড়াইলের কালিয়ায় ১৮ নভেম্বর ক্ষমতাসীন দল বিএনপির এক মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দলের স্থানীয় দুই নেতা নিহত হন। ওই ঘটনার জের ধরে দুই দিন পর বিকেল থেকে রাত পর্যন্ত বেন্দারচর ও আশপাশের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, লুট ও আগুন লাগানোর ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় বড়দিয়া বাজারের বেশ কয়েকটি দোকানেও।


এটা বেন্দারচরে মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার রেশ নাকি গোপালগঞ্জের, তা স্পষ্ট নয়। মূল ধারার কোনো সংবাদমাধ্যমে নড়াইলের ওই তাণ্ডবের প্রকৃত তথ্য উঠে আসেনি। ফায়ার সার্ভিসের হিসাবের বরাত দিয়ে একটি সংবাদপত্রের খবরে বলা হয়, ‘অন্তত ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেওয়া হয়।’ এই হিসাবটি কি বড্ড গোলমেলে নয়? ‘অন্তত’ শব্দের পর সর্বনিম্ন অঙ্ক বা সংখ্যা উল্লেখ করাই যথাযথ। আনুমানিক হিসাবের ক্ষেত্রে সর্বনিম্ন ও সর্বোচ্চ অঙ্ক বা সংখ্যার উল্লেখ করা হয়। কিন্তু ‘অন্তত’ শব্দ ব্যবহার করেও পরে আবার বিশাল ব্যবধানের দুটি সংখ্যার উল্লেখ কোনো হিসাবি কাজ হতে পারে! একই দিনে অপর একটি সংবাদপত্রের অনলাইন সংস্করণে শিরোনাম দেখা যায়—‘নড়াইলে অর্ধশতাধিক বাড়িঘরে আগুনের ঘটনায় যা বলছে পুলিশ’। স্পষ্টই বোঝা যায়, কোনো সংবাদমাধ্যমই দায়িত্ব নিয়ে প্রকৃত চিত্র তুলে ধরতে উৎসাহী কিংবা সাহসী হতে রাজি নয়। তবে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ দলের তাণ্ডবের বিবরণ তুলে ধরার ক্ষেত্রে কিন্তু ‘কেহ কারে নাহি ছাড়ে’ অবস্থা! সংবাদমাধ্যমের ভূমিকার কাটাছেঁড়া আমার মূল উদ্দেশ্য নয়। তাই এ নিয়ে আর কিছু না বলাই ভালো।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর থেকে দেশের রাজনীতি, কূটনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নানা আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে। তাঁর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় উত্তেজনা, বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। বিশেষ করে গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় অস্থিরতা এতটাই বেশি দেখা দেয় যে সংশ্লিষ্ট জেলাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার। ধরপাকড় চলছে সারা দেশেই। কিন্তু ধরপাকড়, শাস্তি আর কঠোরতা দিয়ে কি রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব? এই প্রক্রিয়ায় ক্ষমতাকে কিছুটা দীর্ঘায়িত করা ছাড়া আখেরে কারও জন্যই কিছু ভালো হয় না।

গোপালগঞ্জে সরকার যে ধৈর্য দেখিয়েছে, কৌশলী ভূমিকা নিয়েছে, নিঃসন্দেহে তা প্রশংসাযোগ্য। সামগ্রিক রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায়ই ধৈর্য, সহনশীলতা ও কৌশল কাম্য। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করলেই দলটি শেষ হয়ে যায় না। হয় না অপ্রাসঙ্গিকও। বিশেষ করে কোনো দলের সঙ্গে যদি কোটি মানুষের আবেগ-আস্থার সম্পর্ক থাকে এবং সেই দলের থাকে দীর্ঘ ইতিহাস-ঐতিহ্য। নির্বাহী আদেশ দিয়ে এই আবেগ-আস্থা দূর করা যায় না। নিষিদ্ধ করলে বরং দলের কর্মী-সমর্থকেরা ভেতরে ভেতরে আরও ক্ষুব্ধ হয়, ভিন্ন পথ খোঁজে। ইতিহাস বলে, জোর করে বন্ধ করে দেওয়া দরজা দিয়ে আসা শক্তি প্রায়ই অনিয়ন্ত্রিত পথ ধরে। প্রকাশ্য রাজনীতির সুযোগ না থাকলে অপ্রকাশ্য তৎপরতা বাড়ে, আর সেখান থেকে জন্ম নেয় সংঘাত-সহিংসতা। বাংলাদেশের রাজনীতির ইতিহাসেই এর জ্বলন্ত প্রমাণ তো আছে।


বাংলাদেশের জন্মের বিরোধিতাকারী এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত দল জামায়াতে ইসলামীকেও বারবার নিষিদ্ধ হতে হয়েছে। তার পরও তো নিঃশেষ হয়ে যায়নি। ১৯৪৮ সালে পাকিস্তান সরকার জননিরাপত্তা আইনে দলটির প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আ’লা মওদুদীকে গ্রেপ্তার করেছিল। দলটি প্রথমবার নিষেধাজ্ঞার মুখে পড়ে অন্যান্য দলের সঙ্গে ১৯৫৮ সালে সামরিক শাসন কায়েম হলে। পাকিস্তান আমলে মুসলিম পারিবারিক অধ্যাদেশের বিরোধিতার জের ধরে ১৯৬৪ সালের জানুয়ারিতে নিষিদ্ধ করা হয় দলটির কর্মকাণ্ড। যদিও সে বছরের অক্টোবরে নিষেধাজ্ঞা প্রত্যাহারও করা হয়। স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের অভিযোগে দলটি নিষিদ্ধ করা হয়। পঁচাত্তরের রাজনৈতিক পটপরিবর্তনের আগপর্যন্ত দেশের রাজনীতিতে জামায়াতের অস্তিত্ব ছিল না। ১৯৭৬ সালে ধর্মীয় রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে রাজনীতিতে পুনরায় ফিরে আসে দলটি। সর্বশেষ ২০২৪ সালের ৩১ জুলাই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। কিন্তু পরের মাসেই অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং ২০২৫ সালের জুনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দলটির ওপর নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে তুলে নিয়ে নিবন্ধন পুনর্বহাল করে। অন্যদিকে তেমন কোনো দমন-পীড়নের মুখে না পড়েই রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে মুসলিম লীগ।


নিষেধাজ্ঞা কোনো স্থায়ী সমাধান নয়। কোনো ধারণা বা আদর্শকে হারাতে হয় আরেকটি ভালো ধারণা বা আদর্শ দিয়ে। একটি রাজনৈতিক দলকে জনগণ গ্রহণ করবে কি না, সেটা ঠিক করার এখতিয়ার ভোটারের। ব্যালটের মাধ্যমে মানুষ একটি দলকে ক্ষমতায় বসাতে পারে, আবার ছুড়েও ফেলতে পারে। জনগণের এই ক্ষমতার ওপর ভরসা না রেখে সরকার আদেশ-নির্দেশ দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করলে বা দলটির ওপর দমন-পীড়ন চালালে হিতে বিপরীত হয়। এ ধরনের পদক্ষেপের সুযোগ নিয়ে একটি গণধিকৃত দলও কীভাবে ‘মজলুম’ ভাবমূর্তি নিয়ে জনগণের সহানুভূতি কুড়োতে সক্ষম হয়, তারও জ্বলন্ত নিদর্শন জামায়াত। একাত্তরে গণহত্যা, ধর্ষণ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ কেন পারবে না, এমন প্রশ্ন সম্প্রতি তুলেছেন বিএনপির জোটসঙ্গী গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। গত ১৫ অক্টোবর বাংলা একাডেমিতে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন। নুরুল হক নূর বলেন, ‘জামায়াতের যে আস্ফালন, এই আস্ফালনের কারণে আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে পুনর্বাসন করা হবে। কারণ আওয়ামী লীগকে কী দিয়ে ঠেকাবেন আপনি? জামায়াত যদি একাত্তরে গণহত্যা, ধর্ষণ ও লুটপাট করে মানবতাবিরোধী অপরাধের চরম অপকর্ম করেও বাংলাদেশের বিরোধী দল হতে পারে, রাজনীতি করতে পারে, তাহলে আওয়ামী লীগ কেন পারবে না?’


১৫ বছরের বেশি সময় ক্ষমতাকালে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অভিযোগের বিচার হতে হবে—এমন যুক্তি দেখিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। অপরাধের বিচার তো হতেই পারে, হওয়াই উচিত। কিন্তু বিচারের নামে একটি রাজনৈতিক দলের অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা কি আদৌ কোনো সুফল বয়ে আনবে? সংঘাত-সহিংসতার যে রূপ দেখা যাচ্ছে, অবিলম্বে তার অবসান না হলে দেশে রাজনৈতিক গৃহযুদ্ধ অনিবার্য। আগেই একাধিকবার বলেছি, এই পরিস্থিতি এড়ানোর একটাই উপায়, তা হলো বিচারের পাশাপাশি রাজনৈতিক সমঝোতা বা পুনর্মিলন। রাজনীতি মানেই তো সমঝোতা, মতভেদের মধ্যেও বিরোধীদের সঙ্গে সহাবস্থানের পথ খোঁজা। মানুষ অতীত সময়ের চেয়ে ভালো কিছু আশা করে। আওয়ামী লীগের যত অপরাধ, তার অন্যতম হলো বিরোধীদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার প্রবণতা। নতুন মোড়কে সেই প্রবণতারই পুনরাবৃত্তি হলে পরিবর্তন বলে তো আর কিছুই থাকে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও