প্রাথমিকেই অর্ধেক শিশুর ভাষা-সংকট: আদিবাসী শিশুদের ভবিষ্যৎ কী?

জাগো নিউজ ২৪ ষ্টেফান সরেন প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৭

বিশ্বব্যাংক সম্প্রতি দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মৌলিক শিখনঘাটতি পূরণে ৩০ কোটি (৩০০ মিলিয়ন) মার্কিন ডলারের একটি বিশাল ঋণসহায়তা অনুমোদন দিয়েছে। ২০২৬ সালের ৭ নভেম্বর ‘প্রথম আলো’ এবং ৮ নভেম্বর ‘দৈনিক সংবাদ’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বব্যাংকের নিজস্ব তথ্য অনুযায়ী, বাংলাদেশের ১০ বছর বয়সী প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের প্রায় ৫০ শতাংশই বয়স ও শ্রেণি অনুযায়ী উপযোগী একটি সাধারণ বা সহজ লেখা পড়ে তার অর্থ বুঝতে পারে না।


প্রমিত বাংলা ভাষার পরিবেশে বেড়ে ওঠা এবং বাংলা যাদের মাতৃভাষা, সেই শিশুদের একাংশেরই যদি এই ভাষাগত ও শিখনদক্ষতার সংকট থাকে, তবে বাংলাদেশের সমতল ও পাহাড়ের প্রান্তিক আদিবাসী শিশুদের শিক্ষার বাস্তব চিত্র কতটা ভয়াবহ, তা কি আমরা একবারও গভীরভাবে ভেবে দেখেছি? যেখানে একজন বাঙালি শিশুর জন্য প্রমিত বাংলা বুঝতে পারাই একটি বড় শিক্ষাগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেখানে একজন আদিবাসী শিশু—যার ঘরের ভাষা সাঁওতালি, ওরাওঁ (কুরুখ), মুন্ডারি, মারমা কিংবা আচিক (গারো)—তাকে শিক্ষাজীবনের শুরুতেই সম্পূর্ণ অচেনা একটি ভাষার বর্ণমালা ও পাঠ্যপুস্তকের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। ফলে বর্ণমালার এই গোলকধাঁধায় পড়ে এবং ভাষা বুঝতে না পেরে প্রাথমিক স্তরেই তারা হারিয়ে ফেলছে শিক্ষার মূল স্পৃহা।


এই গভীর শিক্ষাগত ও মনস্তাত্ত্বিক সংকট সম্পর্কে বহুভাষিক শিক্ষা (এমএলই) ও প্রাক-প্রাথমিক শিশুবিকাশের উদ্ভাবক এবং মেনোনাইট সেন্ট্রাল কমিটির (এমসিসি) শিক্ষা কর্মকর্তা জেমস কিস্কু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দূরদর্শী মন্তব্য করেছেন। তাঁর মতে, “একটি শিশু যখন প্রাক-প্রাথমিক স্তরে প্রথম স্কুলে পা রাখে, তখন তার চেনা পৃথিবীর সঙ্গে সংযোগের একমাত্র সেতু হলো তার মায়ের মুখের ভাষা। প্রাক-প্রাথমিক স্তরের আদিবাসী শিশুদের ওপর জোর করে অন্য কোনো ভাষা চাপিয়ে দেওয়া মানে তাদের মনের স্বাভাবিক বিকাশকে শুরুতেই রুদ্ধ করে দেওয়া। আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত বহুভাষিক শিক্ষা (এমএলই) কাঠামোর সঠিক বাস্তবায়ন। বিশ্বব্যাংকের এই নতুন তহবিলের একটি বড় অংশ ব্যয় করা উচিত আদিবাসী ভাষার প্রাক-প্রাথমিক পাঠ্যপুস্তক শুধু বিতরণেই নয়, বরং শ্রেণিকক্ষে আদিবাসী শিশুদের মাতৃভাষায় পরম মমতায় পাঠদান করতে পারেন—এমন স্থানীয় আদিবাসী শিক্ষকদের প্রশিক্ষিত করার পেছনে। প্রাক-প্রাথমিক পর্যায়ে শিশুর শিক্ষার ভিত যদি নিজের ভাষায় শক্ত না হয়, তবে পরবর্তী শ্রেণিতে গিয়ে তাদের বাংলা বা ইংরেজি শেখার স্বপ্ন অবাস্তবই থেকে যাবে।”


আদিবাসী শিশুদের শিক্ষাসংকটের মূল কারণ হলো তাদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগের অভাব। জাতীয় শিক্ষানীতি ২০১০-এ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার অধিকারের কথা স্পষ্টভাবে বলা আছে। সরকারিভাবে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও ওরাওঁ—এই পাঁচটি ভাষায় প্রাক-প্রাথমিকের বই বিতরণ করা হলেও বাস্তব প্রয়োগের ক্ষেত্রে তা প্রয়োজনের তুলনায় সমুদ্রের মধ্যে এক বিন্দু জলের মতো। সমতলের সাঁওতাল, মাহালী, কোল, কোডা, মাহাতো ও তুরি পাড়ার শিশুরা যখন প্রথম দিন স্কুলে যায়, তখন তারা সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশের মুখোমুখি হয়। বইয়ের ভাষা তাদের জানা নেই, শিক্ষকের কথাও তারা বোঝে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও