রাজপথে নয়, মজুরি নির্ধারণ হোক আলোচনার টেবিলে
তৈরি পোশাক খাতে মজুরি পুনর্নির্ধারণের চিত্র দীর্ঘকাল ধরে একই রয়ে গেছে—শ্রমিকদের বিক্ষোভ, আন্দোলন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত, হতাহতের ঘটনা, কারখানা বন্ধ, উৎপাদন ব্যাহত। এবারো এর ব্যতিক্রম ঘটেনি। কিন্তু এসব ঘটনার কোনোটাই কাম্য নয়, বরং যেকোনো বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হওয়াটাই বাঞ্ছনীয়। জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতার ভিত্তিতে নিয়মিত মজুরি সমন্বয়ের ব্যবস্থা থাকলে কয়েক বছর পরপর বড় ধরনের বিরোধ তৈরির আশঙ্কা কমতে পারে।
শ্রম আইন অনুযায়ী, ন্যূনতম মজুরি বোর্ড গঠন, সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত গ্রহণ এবং বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক বিষয় বিবেচনা করে মজুরি সুপারিশের বিধান রয়েছে। কিন্তু কাঠামো থাকলেও যে তা কার্যকর নয় সেটা বারবার শ্রম অসন্তোষ থেকে উদ্ভূত পরিস্থিতি দেখেই বোঝা যায়। মজুরি বোর্ডের স্বাধীনতা, নিজস্ব গবেষণা ও তথ্য-উপাত্তের ঘাটতি এবং নির্ধারিত সময়ে মজুরি পর্যালোচনার উদ্যোগ না নেয়ার অভিযোগ রয়েছে।
তাছাড়া তিন বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের বিধান থাকলেও প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় নয়; সরকারের উদ্যোগের ওপর নির্ভরশীল। কিন্তু এক্ষেত্রে কালক্ষেপণ, শেষ মুহূর্তে বোর্ড গঠন, আলোচনা ও দরকষাকষির মধ্য দিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হয়, যা শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করে। মালিক-শ্রমিক বিরোধ তীব্র হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটি আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও একটি দুর্বলতার নজির। এ পরিস্থিতির পরিবর্তন হওয়া চাই।
আমাদের রফতানি আয়ের প্রধান খাতের অস্থিতিশীল পরিস্থিতি শুধু শিল্পের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকেই ব্যাহত করছে না, আন্তর্জাতিক বাজারে দেশের প্রতিযোগিতা সক্ষমতা ও ভাবমূর্তির জন্যও ঝুঁকি তৈরি করছে। প্রশ্ন হলো, মজুরি নিয়ে বিরোধের সমাধানে কেন আন্দোলনে নামতে হচ্ছে শ্রমিকদের? কেন কাগজে-কলমে একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার উল্লেখ থাকলেও তা সুষ্ঠুভাবে, সংঘাতময় পরিবেশ এড়িয়ে বাস্তবায়ন হচ্ছে না?
চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশগুলোতেও মজুরি নিয়ে ধর্মঘট ও কর্মবিরতির ঘটনা ঘটে। তবে বাংলাদেশের ক্ষেত্রে শ্রমিক অসন্তোষের সঙ্গে সহিংসতা, ভাংচুর, সড়ক অবরোধ এবং বিপুলসংখ্যক কারখানায় উৎপাদন বন্ধ হওয়ার প্রবণতা উদ্বেগজনক।
প্রতিযোগী দেশগুলোর মজুরি নির্ধারণ পদ্ধতি পর্যালোচনা করলে দেখা যায়, দেশভেদে কাঠামোর পার্থক্য থাকলেও শ্রমিক ও মালিক প্রতিনিধিদের অংশগ্রহণ, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও উৎপাদনশীলতার মতো বিষয় বিবেচনার সুযোগ রয়েছে। অর্থাৎ মজুরি নির্ধারণকে কেবল মালিক ও শ্রমিকের দরকষাকষির বিষয় হিসেবে না দেখে অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার ভিত্তিতে একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে রাখার চেষ্টা রয়েছে। কিন্তু দেশে এক্ষেত্রেও বড় ফাঁক রয়ে গেছে।
মূল্যস্ফীতির চাপে প্রকৃত আয় কমে গেলে শ্রম অসন্তোষ তৈরি হওয়া স্বাভাবিক। স্থানীয় ও আন্তর্জাতিক বহুমুখী কারণে দেশের শিল্প খাত চাপের মধ্যে রয়েছে। কিন্তু সেই চাপের ভার শ্রমিক কেন বহন করবে? উৎপাদন ব্যয়ের একটি অংশ মাত্র শ্রমিকের মজুরি যা তারা শ্রমের বিনিময়ে পেয়ে থাকে। এটা তাদের অধিকার এবং শ্রমিকের সেই অধিকারের সুরক্ষা দেয়া মালিক পক্ষের দায়িত্বের মধ্যে পড়ে।
- ট্যাগ:
- মতামত
- পোশাক শ্রমিক
- ন্যূনতম মজুরি