রোহিঙ্গা গণহত্যা : ন্যায়বিচারের পথে নতুন দিগন্ত

যুগান্তর দিলশাদ আহমেদ প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৮

রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনা, নিপীড়ন ও রাষ্ট্রীয় সহিংসতার ইতিহাসে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসাবে চিহ্নিত করে আদালতের দেওয়া এ সিদ্ধান্ত শুধু একটি জনগোষ্ঠীর ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে নতুন করে জাগ্রত করেনি, বরং আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের ইতিহাসেও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। দীর্ঘদিন ধরে যে অপরাধের বিচার দাবি করে আসছিলেন রোহিঙ্গারা, সেই অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি তাদের ন্যায়বিচারের সংগ্রামে নতুন মাত্রা যোগ করেছে। তবে এ রায়ের প্রকৃত তাৎপর্য নির্ভর করবে এর বাস্তবায়ন, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করার ওপর।


জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক বিচার আদালত ৯-৬ ভোটে সিদ্ধান্ত দিয়েছেন, মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয়েছে। ২০১৯ সালে গাম্বিয়া অভিযোগ করে, মিয়ানমারের সামরিক বাহিনী পরিকল্পিতভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেছে। গাম্বিয়ার এ উদ্যোগ আন্তর্জাতিক বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। কারণ, কোনো দেশের অভ্যন্তরে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচার চাওয়ার ক্ষেত্রে অন্য একটি রাষ্ট্রেরও আন্তর্জাতিক আইনের অধীনে উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিপীড়নের ইতিহাস অবশ্য ২০১৭ সালে শুরু হয়নি। কয়েক দশক ধরে এ জনগোষ্ঠীকে নাগরিকত্ব, শিক্ষা, স্বাস্থ্যসেবা, চলাচলের স্বাধীনতা এবং রাজনৈতিক ও সামাজিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। রাষ্ট্রীয় নীতির মাধ্যমে তাদের কার্যত দ্বিতীয় শ্রেণির জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল। নাগরিকত্ব আইন ও প্রশাসনিক বৈষম্যের কারণে নিজেদের জন্মভূমিতেই রোহিঙ্গারা পরিচয় ও অধিকার সংকটে পড়েছেন। তাদের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ, বিবাহ ও সন্তান জন্মদানের ক্ষেত্রে নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক জীবনযাপনের অধিকার সংকুচিত করার মাধ্যমে একটি জনগোষ্ঠীকে দীর্ঘদিন ধরে প্রান্তিক করে রাখা হয়েছে। ২০১৭ সালের সামরিক অভিযান ছিল সেই ধারাবাহিক নিপীড়নের ভয়াবহতম প্রকাশ।


মিয়ানমারের সামরিক বাহিনী দাবি করে আসছে, রাখাইন রাজ্যে তাদের অভিযান ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাব; কিন্তু কোনো সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ডের অজুহাতে একটি সম্পূর্ণ জনগোষ্ঠীর বিরুদ্ধে নির্বিচার সামরিক অভিযান, হত্যা, নির্যাতন ও বাস্তুচ্যুতির ঘটনা কোনোভাবেই বৈধতা পেতে পারে না। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের মধ্যেও বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।


এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, আন্তর্জাতিক বিচার আদালত কোনো ব্যক্তিকে ফৌজদারি অপরাধে দণ্ডিত করার আদালত নয়; এটি রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করে এবং আন্তর্জাতিক আইনের অধীনে রাষ্ট্রের দায়বদ্ধতা নির্ধারণ করে। ফলে এ রায়ের অর্থ হলো, গণহত্যা সনদের অধীনে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠিত হয়েছে। তবে এর মাধ্যমে সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তা বা ব্যক্তিদের ব্যক্তিগত ফৌজদারি দায় স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়ে যায় না। তাদের বিচারের জন্য উপযুক্ত আন্তর্জাতিক বা জাতীয় বিচারিক প্রক্রিয়া প্রয়োজন। এ পার্থক্যটি গুরুত্বপূর্ণ; কারণ, রাষ্ট্রের দায় স্বীকারের পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে। এ রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক তাৎপর্য হলো, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি। দীর্ঘদিন ধরে তারা নিজেদের পরিচয়, অস্তিত্ব ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। নিজ দেশে নাগরিকত্বহীনতা, সামাজিক বৈষম্য ও নিরাপত্তাহীনতার কারণে তাদের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়েছে। ২০১৭ সালের অভিযানের পর সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি। কক্সবাজারের বিভিন্ন শিবিরে তাদের দীর্ঘদিনের অবস্থান শুধু একটি মানবিক বিপর্যয় নয়, বাংলাদেশের জন্যও বহুমাত্রিক সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ তৈরি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও