আমরা কীভাবে নিজেদের ক্ষতি করেই যাচ্ছি!
তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি নিয়ে শিগগির সমঝোতায় পৌঁছানো যাবে সেটা মোটামুটি নিশ্চিত। তখন পরিস্থিতি শান্ত হবে, কারখানাগুলো পুরোপুরি খুলবে, আন্দোলনরত শ্রমিকরা কাজে ফিরবেন এবং আবার নির্বিঘ্ন রপ্তানি শুরু হবে। কিন্তু আমাদের কেন এই হতাশাজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতেই হলো?
হ্যাঁ, শ্রমিকের মজুরিসংক্রান্ত সমস্যাকে কাজে লাগিয়ে চলমান অস্থিরতায় কিছু রাজনৈতিক শক্তি উসকানি দিচ্ছে। এর যথেষ্ট প্রমাণ রয়েছে। আমরা সেটার নিন্দা জানাই। কিন্তু শুরুতে এই অস্থিরতা তৈরির কারণ তো রাজনৈতিক উসকানি ছিল না।
আশা করি, সব সমস্যার সমাধান হলে শিগগির মুনাফা, বকেয়া পাওনা, পুরোনো অর্ডার ইত্যাদির হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা হবে। কিন্তু, আসল ক্ষতিটা হলো ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও সুনামের। এর প্রভাব শিল্পখাতে তো পড়বেই, দেশের ওপর পড়বে আরও বেশি।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভীষণ প্রয়োজন। আর সেটা মূলত নির্ভর করে স্থিতিশীলতার ওপর। এর জন্য সরকারি নীতি, আইনি কাঠামো, ব্যাংকিং বিধিবিধানসহ আরও অনেক বিষয় বিবেচনায় নিতে হয়। তবে সবার আগে বিনিয়োগকারীদের এই বিশ্বাস থাকতে হয় যে, পরিকল্পনা অনুযায়ী যা করা হচ্ছে, শেষ পর্যন্ত তার যথার্থতা প্রমাণিত হবে।
ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর যে সমন্বিত সহিংসতা চালানো হচ্ছে, কাকতালীয়ভাবে সেই সময়েই এই শ্রমিক আন্দোলনটিও হচ্ছে। চলমান অস্থিরতা নিয়ে প্রতিবেদন পড়তে এবং ভিডিওচিত্র দেখতে গিয়ে প্রশ্ন জাগলো, আমি যদি বিদেশি বিনিয়োগকারী হতাম, তাহলে কি এখন বাংলাদেশে বিনিয়োগ করতাম?
ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ এ অঞ্চলের অন্যান্য দেশের পাশাপাশি বিনিয়োগের জন্য বাংলাদেশের নামও আসতে পারে এবং এ দেশের অনেক ইতিবাচক দিকও রয়েছে। কিন্তু বর্তমান ঘটনাপ্রবাহ অনেক কিছুই বলে দিচ্ছে।
বর্তমানে বাংলাদেশ এমনিতেই অনেক চ্যালেঞ্জের মুখে রয়েছে। তাহলে নতুন ও অপ্রয়োজনীয় সমস্যা তৈরি করে আমরা কেন সেই চ্যালেঞ্জ আরও বাড়াচ্ছি?
গত কয়েক সপ্তাহে আমরা নিজেদের যে ক্ষতি করেছি, তা খুব সহজেই এড়ানো সম্ভব ছিল। কিন্তু, পরিকল্পনা, আগাম প্রস্তুতি, দর-কষাকষি এবং দেশের পরিবর্তনশীল পরিস্থিতি ও পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা বোঝার ক্ষেত্রে আমাদের ব্যর্থতায় এগুলো হয়েছে। আমার ধারণা, শ্রমিকদের জীবন ও চ্যালেঞ্জ বোঝার ক্ষেত্রে সদিচ্ছার অভাবই এই ব্যর্থতার সবচেয়ে ক্ষতিকর কারণ।
বর্তমানে তৈরি পোশাক শিল্পে ৪০ লাখের বেশি শ্রমিক কাজ করছেন, যাদের অর্ধেকেরও বেশি নারী। শ্রম আইন অনুযায়ী, সরকারের নির্দেশে প্রতি তিন বছর পরপর শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হয়। এ জন্য ছয় সদস্যের একটি মজুরি বোর্ড প্রচলিত মজুরির হার পর্যালোচনা করে মালিক ও শ্রমিকদের সম্মতিতে নতুন মজুরি নির্ধারণ করে।
সর্বশেষ ন্যূনতম মজুরি কার্যকর হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে। কাজেই, বর্তমান সরকার আগে থেকেই জানত, ২০২৬ সালের ১ ডিসেম্বরের আগে মজুরি বোর্ড গঠন করে নতুন ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতায় পৌঁছাতে হবে এবং ১ ডিসেম্বর থেকে কার্যকর করতে হবে। তাহলে কোন যুক্তিতে, কোন বিবেচনায় এবং কোন ধরনের দায়িত্ববোধ থেকে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার মাত্র ৩০ দিন আগে, ২০২৬ সালের ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করা হলো? কেন এত দেরি করা হলো?
মজুরি নিয়ে আলোচনা কখনোই সহজ হয় না। আর সে কারণেই মালিক ও সরকারের ওপর চাপ সৃষ্টি করতে শ্রমিকরা রাজপথে নামেন, সেটিও আমাদের জানা। তাহলে আরও আগে মজুরি বোর্ড গঠন করে আলোচনা শুরু করা উচিত ছিল না? বিদ্যমান ন্যূনতম মজুরির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না দেখে শ্রমিকরা রাজপথে নেমেছেন। এ ধরনের আলোচনায় তাদের অতীত অভিজ্ঞতা বিবেচনায় নিলে বিষয়টি আরও স্পষ্ট হয়।