থামছে না বিমানের জ্বালানি চুরি, পথেই হাওয়া হাজার হাজার লিটার!
পরিবহন করার সময় পথেই বিক্রি করে দেওয়া হয় এয়ালাইন্সের জ্বালানি তেল (জেট ফুয়েল)। এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এ বছর। জ্বালানি চুরি বন্ধে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও কঠোর নজরদারিসহ বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছিল। এরপরও ঘটছে একের পর এক চুরির ঘটনা। সম্প্রতি নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে ঢাকার কুর্মিটোলা ডিপোতে নেওয়ার পথে ১৬ হাজার ৫০০ লিটার জেট ফুয়েল অন্যত্র বিক্রির সময় একটি ট্যাংকলরি জব্দ করে গোয়েন্দা পুলিশ।
অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন উপায়ে একটি চক্র এখনো নিয়মিত বিমানের জ্বালানি চুরি করে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। চক্রে জড়িত আছে ট্যাংকলরি ও ডিপো-সংশ্লিষ্ট লোকজন। এ বিষয়ে এর আগেও ঢাকা পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তখন তদন্ত করে অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে সম্প্রতি আবারও ধরা পড়ার ঘটনায় প্রমাণ হলো তেল চুরি এখনো বন্ধ হয়নি।
ডিপোসূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, জ্বালানি চুরিতে জড়িতরা মূলত ‘টাইমিং চুরি’ করে তেল আত্মসাৎ করে। তারা এক ডিপো থেকে আরেক ডিপোতে নির্ধারিত সময়ে কখনোই পৌঁছায় না। যানজটসহ নানা কারণে দেরি দেখায়। আবার কিছুক্ষেত্রে ডিপোকে ম্যানেজ করে দেরিতে পৌঁছালেও সঠিক সময়ে গিয়েছে বলে নথিতে রেকর্ড করায়। এভাবে ‘চুরি করা সময়ে’ তেল আনা-নেওয়ার পথে অন্য জায়গায় বিক্রি করে দেওয়া হয়। তেল সরানোর ঘটনা প্রকাশ পাওয়ার পর সংশ্লিষ্ট চালানের অনুলিপি ছিঁড়ে ফেলা এবং ডিপোর ব্রিজিং রেজিস্টারে থাকা তথ্য সাদা কালি দিয়ে মুছে ফেলার ঘটনাও ঘটে বলে জানা গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জ্বালানি তেল
- তেল চুরি