‘লাশ নেব না, ভাইরে তাজা আইনে দাও’

প্রথম আলো কালিয়া প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৩৬

‘লাশ নেব না, আমার ভাইরে তাজা আইনে দাও। ভাইরে আমি নিয়ে গেছি খুলনায়। আমার ভাইয়ের হাত–পায়ের রগ কাটা, গলায় কাটা, মাথায় গুলি’—কান্নার জন্য ঠিকমতো কথা বলতে পারছিলেন না জ্যোতি খানম।


একটু থেমে বললেন, ‘আমার সোনার টুকরো ভাই। সেই ভাই আমার চোখের সামনে নিস্তেজ হয়ে গেছে। আমি এর বিচার চাই।’


জ্যোতি খানমের ভাই নড়াইলের কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গত বুধবার রাতে নিহত হয়েছেন। সোহেল রানার ওপর হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামে সোহেল রানার বাড়িতে গিয়ে কথা হয় জ্যোতি খানমের সঙ্গে।


গতকাল বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় সোহেল রানাসহ দুই বিএনপি নেতা নিহত হন। সোহেল রানা (৪৫) কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক এবং শাহিনুর ইসলাম (৪০) পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন।


পুলিশ জানিয়েছে, দুই মরদেহের ময়নাতদন্ত এখনো সম্পন্ন হয়নি। আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটকও করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে কালিয়া পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা মোড়ে মোড়ে টহল দিচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও