গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় মঙ্গলবার হামলা চালিয়ে আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আগুনে পুলিশের আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। হামলায় আহত হয়েছেন সাতজন পুলিশ সদস্য। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসাধীন।
শুধু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা নয়, এর আগে ঢাকার পল্লবী থানা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, নাশকতাকারীরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাকে ‘টার্গেট’ (নিশানা) করে হামলা করছে। সামনের দিনগুলোতে হামলার ক্ষেত্রে তারা থানা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করার পরিকল্পনা করছে। সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করারও পরিকল্পনা রয়েছে তাদের। পুলিশ বলছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহাসড়কগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
মঙ্গলবার পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে এসব নাশকতার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক খুদে বার্তায় জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।