দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার এবং সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয় বলে বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
নির্দেশনায় বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথে নিরাপত্তা তল্লাশি বাড়ানোর পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় নজরদারি ও সার্বক্ষণিক টহল জোরদার করতে বলা হয়েছে। বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনেও তল্লাশি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।