সাইবার নিরাপত্তায় প্রতিক্রিয়া নয়, প্রতিরোধে জোর দিতে হবে: আইসিটি মন্ত্রী
সাইবার হামলার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ঝুঁকি চিহ্নিত করে তা প্রতিরোধের ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো ও নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় প্রতিরোধমূলক সাইবার নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও কার্যকর নীতিমালা নিশ্চিত করা জরুরি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা থেকে শুরু করে ‘এক নাগরিক, এক পরিচয়, এক ওয়ালেট’ সবকিছুই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। এই অগ্রগতি মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করলেও একই সঙ্গে সাইবার হামলা ও নিরাপত্তাঝুঁকি বাড়াচ্ছে।