‘মানুষকে অপমান করার চেয়ে আনন্দ আর কিছুতে নেই’

জাগো নিউজ ২৪ ড. হারুন রশীদ প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১৬:৪৭

মানুষের একটি অদ্ভুত স্বভাব আছে। সে নিজে সম্মান পেতে ভালোবাসে, কিন্তু অন্যকে সম্মান দিতে তার বড় অনীহা। নিজের সামান্য অপমানেও তার আত্মসম্মান আহত হয়, অথচ অন্যের আত্মসম্মানকে আঘাত করতে তার হাত একটুও কাঁপে না। অন্যের সাফল্যে অভিনন্দন জানাতে তার জিহ্বা ভারী হয়ে আসে, কিন্তু কারও ব্যর্থতার খবর পেলে মুখে হাসি ফুটতে সময় লাগে না। অন্যের দুঃখে সমবেদনা জানানোর চেয়ে দুঃখের কারণ অনুসন্ধান করে তাকে আরও বিব্রত করতেই যেন তার বেশি আগ্রহ। মনে হয়, মানুষকে অপমান করার চেয়ে আনন্দ আর কিছুতে নেই—এমন একটি গোপন দর্শন নিয়েই কেউ কেউ জীবন কাটিয়ে দিচ্ছে!


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বহু আগেই মানুষের এই নিষ্ঠুর প্রবণতার বিরুদ্ধে এক অসাধারণ মানবিক সতর্কবাণী উচ্চারণ করেছিলেন। তাঁর ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ১০৮ নম্বর কবিতায় লিখেছেন—


‘হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।’


কবিতাটির মূল বক্তব্য শুধু কোনো একটি শ্রেণি বা সম্প্রদায়ের প্রতি অবিচারের প্রতিবাদ নয়; এর গভীরে রয়েছে মানুষের মর্যাদা, অধিকার ও মানবিক সমতার এক চিরন্তন দর্শন। যাদের মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, যাদের পাশে বসার স্থান দেওয়া হয় না, যাদের অবজ্ঞা করে দূরে ঠেলে রাখা হয়, একদিন সেই অপমানের দায় অপমানকারীকেও বহন করতে হয়। রবীন্দ্রনাথের এই উচ্চারণ আজও আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য এক কঠিন আয়না। সেই আয়নায় তাকালে নিজেদের অনেক অসুন্দর মুখই হয়তো দেখতে পাব।


মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয় তার বুদ্ধি, বিবেক, বিচারবোধ ও মানবিকতার কারণে। অন্য প্রাণীর ক্ষুধা আছে, আত্মরক্ষার প্রবৃত্তি আছে, প্রতিযোগিতা আছে; কিন্তু মানুষের রয়েছে অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা, অন্যের কষ্ট উপলব্ধি করার সংবেদনশীলতা এবং নিজের আচরণকে বিবেকের আদালতে বিচার করার সামর্থ্য। অথচ সভ্যতার এত অগ্রগতি, শিক্ষার এত বিস্তার, প্রযুক্তির এত উৎকর্ষের পরও মানুষে মানুষে সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেক সময় আদিম প্রবৃত্তির কাছেই আত্মসমর্পণ করি। আমাদের হাতে স্মার্টফোন, মুখে আধুনিকতার বুলি, অথচ মনোজগতে ঈর্ষা, প্রতিহিংসা, পরশ্রীকাতরতা ও নিষ্ঠুরতার পুরোনো বাসিন্দারা বহাল তবিয়তে বসবাস করছে।


মানুষের অপমান করার মধ্যে একশ্রেণির মানুষের অদ্ভুত আনন্দ। বিশেষ করে কাউকে সবার সামনে ছোট করতে পারলে তারা নিজেদের বড় মনে করে। কারও দুর্বলতা জানলে সেটি গোপন রাখার বদলে সুযোগমতো প্রকাশ করে। ব্যক্তিগত কোনো ব্যর্থতা, পারিবারিক সংকট, আর্থিক অসচ্ছলতা কিংবা জীবনের কোনো দুর্বল মুহূর্তকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে। তাদের কাছে অন্যের গোপন কষ্টও বিনোদনের উপাদান। কেউ বিপদে পড়লে সাহায্যের হাত বাড়ানোর পরিবর্তে তারা জানতে চায়, কীভাবে এমন বিপদ হলো। কেউ হোঁচট খেলে তাকে উঠিয়ে দেওয়ার চেয়ে হোঁচট খাওয়ার দৃশ্যটি উপভোগ করাই যেন তাদের কাছে বেশি আকর্ষণীয়।


এদের কাছে অপমান একটি শিল্প, আর অন্যের আত্মসম্মান ভেঙে দেওয়া একধরনের সাফল্য। তারা ভুলে যায়, কাউকে অপমান করে সাময়িকভাবে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করা গেলেও তাতে নিজের ব্যক্তিত্বের দীনতাই প্রকাশ পায়। যে মানুষ অন্যকে ছোট না করলে নিজেকে বড় ভাবতে পারে না, তার নিজের বড়ত্বের ভিত কতটা দুর্বল, তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আসলে অন্যকে অপমান করার মধ্য দিয়ে সে নিজের ভেতরের হীনম্মন্যতাকেই আড়াল করতে চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও