এআই দিয়ে উৎপাদনের ছাঁটাই–ধাক্কা মোকাবিলায় আমরা কি প্রস্তুত?
ধরুন, গাজীপুরের একটি পোশাক কারখানার মালিক রাতে হিসাবের খাতা খুললেন। খরচ আর ক্রেতার দেওয়া টাকা দুই কলাম মিলিয়ে তিনি দেখলেন, লাভের ঘরটি প্রায় খালি।
এদিকে ইউরোপের ক্রেতা সাফ বলে দিয়েছেন—দাম এক টাকা বাড়লে অর্ডার ভিয়েতনামে চলে যাবে, আর কর্মী কমিয়ে প্রযুক্তি ব্যবহার করতে হবে।
ব্যাপারটা একেবারে আজগুবি কিছু নয়। চলতি বছরের ৮ জুন বাংলাদেশের একেবারে শীর্ষস্থানীয় একটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একটি বেসরকারি টেলিভিশনের একটি ব্যবসা–বাণিজ্যবিষয়ক অনুষ্ঠানে বলেন, তাঁর প্রতিষ্ঠানের ৭৫ হাজার কর্মীর মধ্যে প্রায় ১০ হাজার ছাঁটাইয়ের পরিকল্পনা করা হচ্ছে।
কারণ হিসেবে তিনি বলেছেন, দেশে বছরে প্রায় ৯ শতাংশ মূল্যস্ফীতি, ফলে বেতন-ভাতা বাড়াতেই হচ্ছে; অথচ আমেরিকা ও ইউরোপের ক্রেতারা দাম বাড়াতে রাজি নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জনবলের ওপর নির্ভরতা কমাতে চাপ দিচ্ছেন।
প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা দেশের বেসরকারি স্মার্ট খাতগুলোতে ইতিমধ্যেই ছাঁটাই শুরু হয়েছে, নতুন লোক নিয়োগ কমছে। গ্রাফিক ডিজাইনারসহ সৃজনশীল খাতের অনেকে বেকার। এটা বিপর্যয়ের সূচনামাত্র।
কেবল পোশাক কারখানাই নয়, কম খরচ করে যতটা সম্ভব বেশি আয় করার মরিয়া প্রচেষ্টাই হলো পুঁজিবাদী সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য।
তাই নিশ্চিতভাবেই বলা যায়, ধীরে ধীরে দেশের বিস্কুট বা খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানিসহ সবাই একই পথ ধরবে।
কারখানায় রোবট দিয়ে কাজ করালে কোনো কর্মীর ছুটির প্রয়োজন হয় না, তাদের কোনো ক্লান্তি নেই, এমনকি মাস শেষে বেতন-বোনাস বা ইনক্রিমেন্ট দেওয়ারও কোনো ঝামেলা নেই। কারখানার শেডে দিনরাত ২৪ ঘণ্টা অবিরাম পণ্য উৎপাদন চলতে থাকবে।
জুতা, প্লাস্টিক থেকে শুরু করে সব শিল্পপ্রতিষ্ঠান প্রযুক্তির শরণাপন্ন হবে এবং নিজেদের খরচ কমিয়ে অধিক মুনাফার আশায় দেদার কর্মী ছাঁটাই শুরু করবে, যা ইতিমধ্যেই শুরু হয়েছে।
বাহ্যিক দৃষ্টিতে এটি একটি চমৎকার ব্যবসায়িক মডেল মনে হলেও, মুদ্রার অপর পিঠটি অত্যন্ত ভয়ংকর।
উৎপাদন তো হলো, বাজার পণ্যে সয়লাবও হলো। কিন্তু এই পণ্যগুলো কিনবে কে? যে লাখ লাখ মানুষ এআই এবং রোবটের কারণে চাকরি হারাল, তাদের পকেটে তো টাকা নেই।
মানুষের হাতে যদি ক্রয়ক্ষমতাই না থাকে, তাহলে রাতদিন ২৪ ঘণ্টা রোবট দিয়ে উৎপাদন করা ওই বিস্কুট, পোশাক বা জুতা তো অবিক্রীত পড়ে থাকবে।
পরিণতি কী? কোম্পানিগুলো চরম লোকসানের মুখে পড়বে এবং সামগ্রিকভাবে একটি ভয়াবহ আর্থসামাজিক বিপর্যয় ঘটবে।
সম্প্রতি বিবিসির ‘গ্লোবাল’ অনুষ্ঠানে ‘দ্য এআই লেঅফ ট্র্যাপ’ (এআই ছাঁটাইয়ের ফাঁদ) শীর্ষক একটি গবেষণাপত্র নিয়ে আলোচনা করা হয়েছে, যা আমাদের এই ভয়াবহ ভবিষ্যতের বিষয়ে সতর্ক করে।
গবেষক জেরি টুকালিস ও ব্রেট ফোক এই গবেষণাপত্রে ঠিক এমন একটি পরিস্থিতির কথাই তুলে ধরেছেন, যেখানে এআই মানুষের কাজ কেড়ে নেওয়ার মতো যথেষ্ট উন্নত হয়ে উঠেছে।
বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে বলা হয়েছে, কোম্পানিগুলো খরচ কমানোর জন্য এআই দিয়ে কর্মীদের প্রতিস্থাপন করলে, শেষ পর্যন্ত বাজারে পণ্য কেনার মতো মানুষের কাছে পর্যাপ্ত টাকা থাকবে না এবং অর্থনীতি অচল হয়ে পড়বে।
গবেষক জেরি টুকালিস একটি চমৎকার উদাহরণের মাধ্যমে এই ‘ছাঁটাইয়ের ফাঁদ’ বা ‘লেঅফ ট্র্যাপ’ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, কল্পনা করুন বাজারে একটি মাত্র বিশাল কোম্পানি আছে, যারা একচেটিয়া (মনোপলি) ব্যবসা করে এবং তারাই সব পণ্য তৈরি করে।