শহীদ নূর হোসেন: বুক তার বাংলাদেশের হৃদয়
উদোম শরীরে নেমে আসে রাজপথে, বুকে-পিঠ
রৌদ্রের অক্ষরে লেখা অনন্য শ্লোগান,
বীরের মুদ্রায় হাঁটে মিছিলের পুরোভাগে এবং হঠাৎ
শহরে টহলদার ঝাঁক ঝাঁক বন্দুকের সীসা
নূর হোসেনের বুক নয় বাংলাদেশের হৃদয়
ফুটো করে দেয়; বাংলাদেশ
বনপোড়া হরিণীর মতো আর্তনাদ করে, তার
বুক থেকে অবিরল রক্ত ঝরতে থাকে, ঝরতে থাকে।
-শামসুর রাহমান
ঢাকার রাজপথে সেদিন একটি তরুণের বুক হয়ে উঠেছিল বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পোস্টার। শরীরে কোনো বর্ম ছিল না, হাতে কোনো অস্ত্র ছিল না। ছিল শুধু একটি সাদা গেঞ্জি। তাতে বুকের ওপর লেখা—‘স্বৈরাচার নিপাত যাক’, আর পিঠে—‘গণতন্ত্র মুক্তি পাক’। ১৯৮৭ সালের ১০ নভেম্বর সেই বুকেই গুলি লেগেছিল। রক্তে ভিজে গিয়েছিল রাজপথ। কিন্তু আশ্চর্য, গুলি শরীরকে থামাতে পারলেও স্লোগানটি থামাতে পারেনি। সেই তরুণের নাম নূর হোসেন। আজ তাঁর শহীদ হওয়ার দিন। শহীদ নূর হোসেন দিবস।
ক্যালেন্ডারের একটি তারিখ হিসেবে দিনটি পার করে দেওয়া সহজ। ফুল দেওয়া যায়, স্মৃতিচারণ করা যায়, সভা-সমাবেশে তাঁর নাম উচ্চারণ করা যায়। কিন্তু নূর হোসেনকে সত্যিকার অর্থে স্মরণ করতে হলে তাঁর বুকের ওপর লেখা দুটি বাক্যের সামনে দাঁড়াতে হবে। কারণ সেগুলো কেবল একটি স্বৈরশাসকের পতনের দাবি ছিল না; ছিল রাষ্ট্রের চরিত্র বদলের দাবি। ছিল এমন একটি বাংলাদেশের স্বপ্ন, যেখানে নাগরিক রাষ্ট্রকে ভয় করবে না, বরং রাষ্ট্র নাগরিকের অধিকার রক্ষা করবে।
প্রায় চার দশক পর প্রশ্নটি তাই আরও তীব্র হয়ে ফিরে আসে—নূর হোসেনের স্বপ্নের গণতন্ত্র আমরা কতটা পেয়েছি? ১৯৮৭ সালের সেই আন্দোলনের পেছনে ছিল দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও সামরিক শাসনের বিরুদ্ধে জনঅসন্তোষ। এরশাদ সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছিল। ১০ নভেম্বরের কর্মসূচি ছিল সেই আন্দোলনেরই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হন। তাঁর মৃত্যু আন্দোলনকে আরও বেগবান করে এবং শেষ পর্যন্ত ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ সরকারের পতন ঘটে।
- ট্যাগ:
- মতামত
- শহীদ নূর হোসেন দিবস