সাভারে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশতাধিক কারখানায় ছুটি
সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার আশুলিয়ায় শুরু হওয়া বিক্ষোভ আজ বুধবার ছড়িয়ে পড়েছে সাভারের হেমায়েতপুরে। বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় আজ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিক, পুলিশ ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও জামগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। তাঁরা কারখানার ভেতরে বসে থাকেন। সকাল ১০টার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন।
এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পুলিশের ধাওয়ায় শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।