একুশের চেতনা ও আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলা
অমর একুশে গ্রন্থমেলা বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন। এটি কেবল বই কেনাবেচার উৎসব নয়; বাঙালির ভাষা আন্দোলন, মুক্তচিন্তা, সাংস্কৃতিক আত্মপরিচয় এবং সৃজনশীলতার এক অনন্য মিলনমেলা।
একুশের চেতনা থেকে জন্ম নেওয়া এই মেলা কয়েক দশকে পরিণত হয়েছে লেখক, পাঠক ও প্রকাশকদের প্রাণের উৎসবে। কিন্তু সময় বদলেছে, পাঠাভ্যাস বদলেছে, প্রযুক্তি বদলেছে। বইয়ের উৎপাদন, বিপণন ও পাঠকের কাছে পৌঁছানোর পদ্ধতিতেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই প্রশ্ন উঠছে, অমর একুশে গ্রন্থমেলা কি কেবল ঐতিহ্যের ওপর নির্ভর করে এগিয়ে যাবে, নাকি নতুন সময়ের উপযোগী একটি আধুনিক, আন্তর্জাতিক মানসম্পন্ন ও পাঠকবান্ধব বইমেলায় রূপান্তরিত হবে?
২০২৭ সালের অমর একুশে গ্রন্থমেলা এই রূপান্তরের গুরুত্বপূর্ণ সুযোগ। বাংলা একাডেমি প্রকাশক সমিতিসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে আগামী ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা আয়োজনের সময়সূচি ঘোষণা করেছে। প্রচলিত ফেব্রুয়ারিকেন্দ্রিক আয়োজন থেকে সরে আসার সিদ্ধান্ত হয়েছে মূলত রোজার মাসকে কেন্দ্র করে পাঠকের উপস্থিতি যেন কমে না যায় এবং প্রকাশকদের অর্থনৈতিক বিষয়টি বিবেচনায় রেখে।
সময়সূচি পরিবর্তন করলেই সাফল্য কি নিশ্চিত হবে? তা সময় বলে দেবে। তবে প্রয়োজন সুস্পষ্ট লক্ষ্য, পেশাদার ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি এবং সর্বোপরি পাঠককে কেন্দ্র করে একটি সমন্বিত কর্মপরিকল্পনা।
ঐতিহাসিক ও বর্তমান সময়ের সমন্বয়:
একুশে বইমেলার সঙ্গে ফেব্রুয়ারি মাসের সম্পর্ক ঐতিহাসিক ও আবেগময়। ১৯৭২ সালে চিত্তরঞ্জন সাহার উদ্যোগে বাংলা একাডেমি প্রাঙ্গণে বই প্রদর্শনের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তাই সময়সূচি পরিবর্তন নিয়ে বিতর্ক থাকা স্বাভাবিক। তবে মনে রাখতে হবে, বইমেলা একটি বৃহৎ অর্থনৈতিক কর্মকাণ্ডও। লেখক, প্রকাশক, মুদ্রণশিল্প, বাঁধাইশিল্প, পরিবেশক এবং হাজারও কর্মজীবী মানুষের জীবিকা এর সঙ্গে সম্পৃক্ত।
আমাদের অবস্থান হওয়া উচিত সুস্পষ্ট, মেলার সময়সূচি পরিবর্তিত হতে পারে, কিন্তু একুশের আদর্শ, ভাষা আন্দোলনের ইতিহাস ও সাংস্কৃতিক মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ন করা যাবে না। মেলা প্রাঙ্গণে ভাষা আন্দোলনভিত্তিক বিশেষ প্রদর্শনী, ভাষাশহীদদের স্মরণ এবং তরুণ প্রজন্মের জন্য ইতিহাসের ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনা রাখা যেতে পারে। পাশাপাশি বইমেলা চলাকালীন ২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশেষ সাহিত্য ও সাংস্কৃতিক কর্মসূচি অব্যাহত রাখতে হবে।
পাঠকই হোক বইমেলার কেন্দ্রবিন্দু:
অমর একুশে গ্রন্থমেলার বৈশিষ্ট্য অনুসারে এটি হচ্ছে মূলত পাবলিক বুক ফেয়ার। তাই এর কেন্দ্রবিন্দু বা মূল ফোকাস পয়েন্ট হবে পাঠক। পাঠকই হতে হবে এই বইমেলার প্রাণ। আমাদের বইমেলার অন্যতম দুর্বলতা হলো, আয়োজনের পরিধি বাড়লেও পাঠকের অভিজ্ঞতাকে কেন্দ্র করে পরিকল্পনা সেই অনুপাতে বিকশিত হয়নি।
বিপুল জনসমাগম আনন্দের, কিন্তু মেলার প্রকৃত সাফল্য নির্ধারিত হওয়া উচিত কতজন মানুষ বই কিনছেন, কতজন নতুন পাঠক তৈরি হচ্ছেন এবং কতটা দীর্ঘস্থায়ী পাঠাভ্যাস গড়ে উঠছে তার ভিত্তিতে।
পাঠকবান্ধব বইমেলা মানে শুধু সুন্দর প্রবেশপথ কিংবা আলোকসজ্জা নয়। প্রয়োজন এমন পরিবেশ, যেখানে পাঠক সহজে পছন্দের বই খুঁজে পাবেন, লেখকের সঙ্গে মতবিনিময় করতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে বই কিনতে পারবেন।
শিশু-কিশোর চত্বরটি আরও বিকশিত হোক:
বাংলাদেশে পাঠাভ্যাসের সংকট নিয়ে আমরা প্রায়ই উদ্বেগ প্রকাশ করি। অথচ শিশুদের বইয়ের প্রতি আকৃষ্ট করার প্রাতিষ্ঠানিক উদ্যোগ এখনো পর্যাপ্ত নয়। বইমেলা ২০২৭-এ শিশুচত্বরকে শুধু বই বিক্রির জায়গা না রেখে সৃজনশীল শিক্ষাকেন্দ্রে রূপান্তর করা প্রয়োজন।
সেখানে গল্পপাঠ, লেখক-শিশু সংলাপ, চিত্রাঙ্কন, কমিকস নির্মাণ, বিজ্ঞান কর্মশালা এবং সৃজনশীল লেখালেখির আয়োজন থাকতে পারে। বিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের দলগত পরিদর্শনের ব্যবস্থা করা উচিত। সরকারি-বেসরকারি অংশীদারত্বে শিক্ষার্থীদের জন্য বিশেষ ‘বই ভাউচার’ চালুর উদ্যোগও বিবেচনাযোগ্য।
শিশুদের হাতে শুধু বই তুলে দিলেই হবে না; তাদের বই পড়ার আনন্দের সঙ্গে পরিচয় করাতে হবে। কারণ আজকের শিশুপাঠকই আগামী দিনের জ্ঞানভিত্তিক সমাজের ভিত্তি।