ভালোবাসার ভার যখন একজনের কাঁধে
একটি ভাইরাল গান শোনা যাচ্ছে সবার মুখে মুখে। “তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন।”
তোমার গিগাবাইটভরা ভালোবাসা তার কাছে পৌঁছানোরই উপায় নেই। অথচ তুমি রোজ রিচার্জ করো—আশায়, অপেক্ষায়, অভিমানে!
সম্পর্ক কেন ভাঙে?
সম্পর্ক ভাঙে যখন দুজনের অনুভূতির গতি সমান থাকে না।
একটি সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য সব সময় তৃতীয় কোনো মানুষের প্রয়োজন হয় না; কখনো কখনো দুজন মানুষের মধ্যে একজনের অনুভূতি বদলে যাওয়াই যথেষ্ট। যে মানুষটি একসময় সম্পর্কের সূচনা করে, নিজে থেকে এগিয়ে আসে, বারবার ফোন করে, দায়িত্ব নিয়ে খোঁজখবর নেয়, অন্যজনের হৃদয় বুঝে নেওয়ার চেষ্টা করে, অন্যজনের হৃদয়ে মুগ্ধতা ও ভালোবাসা সৃষ্টি করে—একদিন সেই মানুষটিই অদ্ভুতভাবে বদলে যায়। তার আগ্রহ কমে আসে, যোগাযোগের প্রয়োজন ফুরিয়ে যায়, সম্পর্কে যত্ন নেওয়ার অভ্যাসটি ধীরে ধীরে বিলুপ্ত হয়। অথচ অপরজনের অনুভূতি তখনো আগের জায়গায় স্থির থাকে। ফলে সম্পর্কের ভেতরে তৈরি হয় এক অসম মনস্তাত্ত্বিক পরিস্থিতি—একজন ক্রমশ সরে যায়, অন্যজন তাকে ধরে রাখার জন্য ক্রমশ এগিয়ে আসে।
সম্পর্কের এই পর্যায়ে সবচেয়ে বেদনাদায়ক বিষয়টি বিচ্ছেদ নয়, বরং সম্পর্কের ভেতরে দাঁড়িয়েই বিচ্ছিন্ন হয়ে পড়া। যে মানুষটি একসময় নিয়মিত ফোনের অপেক্ষা না করতেই ফোন পেত, কারণ ফোনটি আসবেই বলে জানত, এখন সে নিজেই ফোন করার অজুহাত খোঁজে। যে মানুষটি একসময় অপরের দিনলিপির অবিচ্ছেদ্য অংশ ছিল, এখন সে অপরের সময়সূচিতে নিজের জন্য সামান্য জায়গা খুঁজে বেড়ায়। যে যত্ন একসময় স্বতঃস্ফূর্ত ছিল, তা এখন সচেতন প্রচেষ্টায় পরিণত হয়। সম্পর্কের সবচেয়ে নির্মম পরিবর্তন বোধ হয় এখানেই—ভালোবাসা একই থাকলেও ভালোবাসা প্রকাশের অধিকারটি যেন আর সমান থাকে না।
মনস্তত্ত্বের দৃষ্টিতে, এই পরিস্থিতি অনেক সময় Pursuer–Distancer Dynamic বা একজনের ক্রমাগত কাছে আসা এবং অন্যজনের ক্রমাগত দূরে সরে যাওয়ার চক্রের সঙ্গে মেলে। একজন যখন দূরত্ব অনুভব করে, তখন নিরাপত্তাহীনতা থেকে আরও বেশি যোগাযোগ করতে চায়, আরও বেশি প্রশ্ন করে, আরও বেশি নিশ্চয়তা খোঁজে। অন্যজন সেই প্রচেষ্টাকে চাপ হিসেবে অনুভব করতে পারে এবং আরও দূরে সরে যেতে পারে। তার এই দূরত্ব প্রথমজনের উদ্বেগ বাড়ায়; উদ্বেগ বাড়লে যোগাযোগের তাগিদও বাড়ে। এভাবে দুজনের আচরণ পরস্পরের প্রতিক্রিয়ায় এমন একটি চক্র তৈরি করে, যেখানে একজনের কাছে সম্পর্ক রক্ষার প্রচেষ্টা, অন্যজনের কাছে সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার চাপ হয়ে দাঁড়ায়।
অথচ যে মানুষটি একসময় এত আগ্রহ নিয়ে সম্পর্কের দিকে এগিয়ে এসেছিল, তারও একবার থেমে নিজেকে প্রশ্ন করা উচিত—কী বদলে গেছে আমার মধ্যে? কেন যে মানুষটির খোঁজ নেওয়া একসময় আমার কাছে স্বাভাবিক ছিল, এখন তাকে ফোন করা আমার কাছে বাড়তি দায়িত্ব মনে হয়? কেন একসময় যার সঙ্গে কথা না বললে দিন অসম্পূর্ণ লাগত, এখন তার সঙ্গে কথা না বলেও অনায়াসে দিন কেটে যায়?
এই প্রশ্নগুলোর উত্তর সব সময় নিষ্ঠুর হবে, এমন নয়। মানুষের অনুভূতি পরিবর্তিত হতে পারে। সময়ের সঙ্গে আকর্ষণ কমে যেতে পারে, পরিস্থিতির কারণে নতুনত্বের উত্তেজনা হারিয়ে যেতে পারে, জীবনের অগ্রাধিকার বদলাতে পারে। নতুন কারও প্রতি আকর্ষণ জন্মাতে পারে, পুরোনো সম্পর্কের গুরুত্ব কমে যেতে পারে, কিংবা প্রাথমিক কৌতূহল মিটে যাওয়ার পর মানুষটি বুঝতে পারে যে তার আগের আগ্রহের সঙ্গে দীর্ঘমেয়াদি অঙ্গীকারের কোনো সম্পর্ক নেই। আবার মানসিক ক্লান্তি, ব্যক্তিগত সংকট কিংবা নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার সমস্যাও দূরত্ব তৈরি করতে পারে।
অতএব, প্রতিটি পরিবর্তনের পেছনে অবহেলা, প্রতারণা কিংবা অন্য কারও উপস্থিতি আছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। কিন্তু কারণ যা-ই হোক, পরিবর্তনটি সম্পর্কে কী প্রভাব ফেলছে, সেটি স্বীকার করার দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না।
বিপত্তি শুরু হয় তখন, যখন পরিবর্তিত মানুষটি নিজের বদলে যাওয়াকে স্বাভাবিক বলে ধরে নেয়, অথচ অন্যজন সেই পরিবর্তনের অভিঘাত নিয়ে প্রতিদিন লড়াই করে। একজনের কাছে যোগাযোগ কমিয়ে দেওয়া হয়তো নিছক অভ্যাসের পরিবর্তন; অন্যজনের কাছে সেটি নিজের গুরুত্ব হারানোর সংকেত। একজনের কাছে কয়েক দিন কথা না বলা তেমন কিছু নয়; অন্যজন সেই দিনগুলোতে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অসংখ্যবার ভেঙে পড়ার সম্ভাবনার মুখোমুখি হয়। একই ঘটনা দুজনের মনে সম্পূর্ণ ভিন্ন অর্থ তৈরি করে। সম্পর্কের সংকট তখন কেবল যোগাযোগের ঘাটতিতে সীমাবদ্ধ থাকে না; তা হয়ে ওঠে অর্থের অসমতা—একজন যা সামান্য পরিবর্তন মনে করে, অন্যজন তা অস্তিত্বের সমান গুরুত্বপূর্ণ একটি ক্ষয় হিসেবে অনুভব করে।
আর এই কষ্টের কথা যখন দ্বিতীয় মানুষটি প্রথমজনকে বলতে যায়, তখন অনেক সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তার কথাকে অভিযোগ, অতিরিক্ত প্রত্যাশা, আবেগের চাপ কিংবা অযৌক্তিক অধিকারবোধ হিসেবে ব্যাখ্যা করা হয়। সে বলতে চায়, তুমি বদলে গেছ; তোমার সঙ্গে আমার সম্পর্কের আগের উষ্ণতা আর খুঁজে পাই না। অথচ অপরজন শুনতে পায়, তুমি কেন আমাকে সব সময় সময় দিচ্ছ না? একজন নিজের হারিয়ে ফেলা সংযোগের শোক প্রকাশ করে, অন্যজন সেই শোকের ভাষাকে নিজের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে মনে করে।
- ট্যাগ:
- মতামত
- সম্পর্ক ভাঙ্গা