রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর খবরের পর মন্ত্রণালয়ের ভিন্ন তথ্য
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের বক্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে মর্মে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর পাওয়ার স্টার্ট-আপ ‘স্টেজ সি’ শুরু হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার (৩০ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১-এর কমিশনিং কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। গতকাল (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডকে পাওয়ার স্টার্ট-আপ স্টেজ সি শুরুর অনুমোদন দেন।
অনুমোদন পাওয়ার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১-এ পাওয়ার স্টার্ট-আপ স্টেজ সি-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।