সৎ করদাতার ওপর বাড়তি বোঝা কেন
দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব সক্ষমতা বাড়াতে কর-জিডিপি অনুপাত বৃদ্ধি করা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় লক্ষ্য। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিবছরই প্রত্যক্ষ করনীতিতে নানা পরিবর্তন এনে থাকে। তবে কর সংস্কারের মূল সুর হওয়া উচিত করজাল সম্প্রসারণ এবং সৎ করদাতাদের উৎসাহিত করা। কিন্তু যখন কোনো আইনি বা কাঠামোগত পরিবর্তনের কারণে সৎ ও নিয়মিত করদাতাদের ওপর হঠাৎ মাত্রাতিরিক্ত করের বোঝা চেপে বসে, তখন তা অর্থনীতির জন্য বিপরীত ফল বয়ে আনতে পারে।
২০২৬-২৭ করবর্ষে এসে উচ্চ আয়ের ব্যক্তি করদাতারা, বিশেষ করে শীর্ষস্থানীয় করপোরেট পেশাজীবীরা, ঠিক এমনই এক নজিরবিহীন করের চাপের মুখে পড়েছেন। একদিকে আয়করের হার ও কাঠামোর রদবদল, অন্যদিকে সম্পদ সারচার্জ গণনার নিয়মে একটি আপাত-ছোট কিন্তু সুদূরপ্রসারী আইনি পরিবর্তন এ পরিস্থিতির সৃষ্টি করেছে।
সারচার্জ গণনায় ‘সূক্ষ্ম’ কিন্তু বড় পরিবর্তন : দেশের আয়কর আইন অনুযায়ী কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার নিট সম্পদের পরিমাণ ৪ কোটি টাকা অতিক্রম করলে তাকে প্রদেয় আয়করের ওপর নির্দিষ্ট হারে (১০ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত) সম্পদ সারচার্জ দিতে হয়। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত প্রচলিত নিয়মটি ছিল বেশ যুক্তিযুক্ত ও সহজবোধ্য। আইন অনুযায়ী করদাতার করযোগ্য আয়ের ওপর নিয়মিত করের হার প্রয়োগের পর তিনি যেসব অনুমোদিত খাতে (যেমন-পুঁজিবাজার, সরকারি ট্রেজারি বন্ড, সঞ্চয়পত্র ইত্যাদি) বিনিয়োগ করেছেন, তার বিপরীতে প্রাপ্য ‘বিনিয়োগ কর রেয়াত’ বাদ দেওয়া হতো। রেয়াত বাদ দেওয়ার পর যে প্রকৃত কর বা নিট প্রদেয় কর অবশিষ্ট থাকত, তার ওপর নিট সম্পদের ভিত্তিতে সারচার্জ হিসাব করা হতো। কিন্তু অর্থ আইন ২০২৫ ও ২০২৬-এর মাধ্যমে সারচার্জের অনুচ্ছেদে ভাষা পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে-কর রেয়াত বাদ দেওয়ার আগেই করযোগ্য আয়ের ওপর সরাসরি করহার প্রয়োগ করে যে ‘গ্রস কর’ হিসাব হবে, সারচার্জ বসবে সেই পুরো অঙ্কের ওপর! অর্থাৎ, একজন করদাতা দেশীয় অর্থনীতি বা শেয়ারবাজারে বিনিয়োগ করে কর রেয়াত পেলেও সারচার্জ আরোপের ক্ষেত্রে সেই রেয়াতকে কার্যত উপেক্ষা করা হচ্ছে। ফলে করদাতাকে এমন একটি অংশের ওপরও ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত সারচার্জ দিতে হচ্ছে, যা প্রকৃতপক্ষে তার প্রদেয় করই ছিল না।
২০২৬-২৭ করবর্ষে উচ্চ আয়ের করদাতাদের ওপর চতুর্মুখী আঘাত
এই একটি পরিবর্তনই শেষ নয়; ২০২৬-২৭ করবর্ষে উচ্চ আয়ের পেশাজীবীদের ওপর একইসঙ্গে চারটি বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে : ১. ব্যক্তি শ্রেণির সর্বোচ্চ আয়করের হার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। ২. সর্বনিম্ন করের ৫ শতাংশের ধাপটি তুলে দেওয়ায় শূন্য করসীমার পরপরই করদাতাদের সরাসরি ১০ শতাংশ হারে কর দিতে হচ্ছে। ৩. দেশের আর্থিক খাত ও পুঁজিবাজারে বিনিয়োগ উৎসাহিত করার প্রধান হাতিয়ার হলো বিনিয়োগ কর রেয়াত। অথচ এর সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা থেকে এক ধাক্কায় কমিয়ে ৭.৫ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে এবং রেয়াতের হারও যৌক্তিকীকরণ করা হয়েছে। ৪. কর রেয়াতের সুবিধা ছোট করার পরও অবশিষ্ট করের বদলে রেয়াতপূর্ব সম্পূর্ণ করের ওপর বর্ধিত সারচার্জ আরোপ করা হয়েছে।
বাস্তব চিত্র : এক বছরে কর বাড়ল ২৫ লাখ টাকারও বেশি
আইনের এ পরিবর্তনের আর্থিক প্রভাব কতটা গভীর, তা একটি সহজ উদাহরণের মাধ্যমে বোঝা সম্ভব। ধরা যাক, একটি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিস্টার রহমান। তার বার্ষিক বেতন ও বোনাস বাবদ মোট আয় ৩ কোটি ৮০ লাখ টাকা। তিনি কর ছাড় পাওয়ার উদ্দেশ্যে দেশের অনুমোদিত সিকিউরিটিজে ৭৫ লাখ টাকা বিনিয়োগ করেছেন। তার নিট সম্পদের পরিমাণ প্রায় ১২ কোটি থেকে ১৪ কোটি টাকা, যার কারণে তিনি ২০ শতাংশ সারচার্জের আওতায় পড়েন। হিসাব করে দেখা যায়, ২০২৫-২৬ করবর্ষে একই আয়ের বিপরীতে মিস্টার রহমানের মোট আয়কর ও সারচার্জ বাবদ প্রদেয় ছিল প্রায় ৯৭ লাখ ৫৯ হাজার টাকা। অথচ আয় একই থাকা সত্ত্বেও ২০২৬-২৭ করবর্ষে এসে তাকে কর ও সারচার্জ বাবদ পরিশোধ করতে হবে প্রায় ১ কোটি ২২ লাখ ৮২ হাজার টাকা!
মাত্র এক বছরের ব্যবধানে তার করের বোঝা বেড়েছে ২৫ লাখ ২৩ হাজার টাকা বা প্রায় ২৬ শতাংশ। এর মধ্যে শুধু সারচার্জের পরিমাণই বেড়েছে প্রায় ৫ লাখ ৪৫ হাজার টাকা (+৩৩.৫৪ শতাংশ)। ফলে তার মোট আয়ের প্রায় ৩২ দশমিক ৩ শতাংশই চলে যাচ্ছে কর ও সারচার্জের পেছনে।
যে নেতিবাচক প্রভাবগুলো দৃশ্যমান হতে পারে
মাত্রাতিরিক্ত করভার কখনো টেকসই রাজস্ব আয়ের নিশ্চয়তা দেয় না, বরং অর্থনীতিতে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়ার জন্ম দেয়। যেমন-
সৎ বেতনভোগীদের ওপর বৈষম্য : বহুজাতিক বা করপোরেট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের আয় শতভাগ আনুষ্ঠানিক এবং উৎস থেকেই সম্পূর্ণ কর কেটে (TDS) নেওয়া হয়। তাদের কোনো আয় গোপনের সুযোগ থাকে না। ফলে এ অতিরিক্ত করভার কার্যত সৎ করদাতাদের ওপর এক ধরনের আর্থিক শাস্তি হয়ে দাঁড়াচ্ছে।
- ট্যাগ:
- মতামত
- করদাতা
- চাপ সৃষ্টি