গ্রামীণ ঋণে বাড়ছে কিস্তির চাপ
ঋণ নিয়ে সংসার চালানো পরিবারের সংখ্যা গ্রামে ক্রমেই বাড়ছে। ঋণ নেওয়া গ্রামীণ পরিবারের হার গত এক বছরে ৩৬ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হয়েছে। আবার ঋণের পরিমাণ যত বেড়েছে, কিস্তির পরিশোধের চাপ বেড়েছে তার চেয়েও বেশি হারে। এতে গ্রামীণ ঋণগ্রহীতা দরিদ্র পরিবারগুলোর বড় অংশের আয় এখন ঋণের কিস্তি মেটাতেই চলে যাচ্ছে। বিশেষ করে দরিদ্রতম ২০ শতাংশ পরিবারের আয়ের ৭৯ শতাংশই খরচ হচ্ছে ঋণের কিস্তি শোধে, যা আগে ছিল ৪৯ শতাংশ।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক কাজী ইকবালের ‘২০০০ সাল থেকে বাংলাদেশের গ্রামীণ ঋণবাজারের কাঠামোগত রূপান্তর’ শিরোনামের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার ‘ফিন্যান্সিং ফুড সিস্টেমস ইন বাংলাদেশ: এভিডেন্স অ্যান্ড পলিসি ডায়ালগ’ শীর্ষক সংলাপে গবেষণাটি উপস্থাপন করা হয়।
একই সংলাপে বাংলাদেশে কৃষি এসএমই অর্থায়ন: যন্ত্র সেবাদাতার আর্থিক অন্তর্ভুক্তি, গবাদিপশুর অর্থায়ন ও ঝুঁকি ভাগাভাগি চুক্তি ও ঢাকার ভ্রাম্যমাণ খাদ্য বিক্রেতাদের সম্পদভিত্তিক অর্থায়নের ওপর আরও পৃথক তিনটি গবেষণা প্রতিবেদন উপস্থাপিত হয়।