চীনের প্রেসিডেন্ট হিসেবে প্রায় ১৪ বছর ধরে দায়িত্ব পালন করছেন শি জিনপিং। এই সময়ে কমিউনিস্ট পার্টি এবং বিশ্বে চীনের অবস্থানে আমূল পরিবর্তন এনেছেন তিনি।
তবে ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদের জীবনটা খুব সহজ নয়, বরং বড় উত্থান-পতনে ঘেরা। বলা চলে, তিনি ছিলেন সেই 'রাজপুত্র' যিনি সবকিছু হারিয়েছিলেন।
শি-র গল্পের শুরুটা হয়েছিল বিশেষ সুবিধাজনক অবস্থান থেকে।
১৯৫৩ সালে বেইজিং-এ জন্ম নেন শি জিনপিং। তার বাবা শি ঝংজুন ছিলেন একজন কমিউনিস্ট বিপ্লবী, যিনি গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন, পরবর্তীতে দলের ঊর্ধ্বতন নেতা এবং উপ-প্রধানমন্ত্রীও হয়েছিলেন।
শি ঝংজুনের ষষ্ঠ সন্তান ছিলেন শি জিনপিং।
শৈশবে শি নামকরা বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং এমন সব সুযোগ-সুবিধা ভোগ করেছেন যা অধিকাংশ পরিবারের জন্য সহজলভ্য ছিল না।
এরপর রাজনৈতিক পরিস্থিতি তার পরিবারের বিরুদ্ধে চলে যায়।
১৯৬০-এর দশকের গোড়ার দিকে, শি-র বাবাকে একটি 'দল-বিরোধী' চক্রের অংশ হওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়, গ্রামাঞ্চলে একটি কারখানায় কাজ করার জন্য নির্বাসিত করা হয় এবং দল থেকে বহিষ্কার করা হয়।