ইউক্রেনে রুশ হামলায় নিহত ১০
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রুশ ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। দেশটির দাবি, যুদ্ধ শুরুর পর এক রাতে এত বিপুলসংখ্যক ড্রোন ভূপাতিতের ঘটনা বিরল।
শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল শোধনাগার এবং সামারা ও বাশকোর্তোস্তান অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা।
রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগারে গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। এ ছাড়া সামারা অঞ্চলের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল পরিবহন, সংরক্ষণ ও মিশ্রণকেন্দ্র এলপিডিএস সামারা এবং বাশকোর্তোস্তানের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন পাম্পিং স্টেশন এলপিডিএস নুরলিনোতে হামলা চালানো হয়।