গ্রিসে বিস্ফোরণের পর ভবনধস, ৬ জনের প্রাণহানি
গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় বিস্ফোরণের পর একটি ভবনধসে ছয়জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন।
নিহতদের মধ্যে চারজন—দুই পুরুষ ও দুই নারী—যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে গ্রিক রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তাদের সঙ্গে পাওয়া কাগজপত্র ও ব্যক্তিগত জিনিসপত্র থেকে এ তথ্য জানা যায়।
অন্য দুই নিহত ব্যক্তি ছিলেন এক বৃদ্ধ দম্পতি—একজন ব্রিটিশ পুরুষ ও একজন গ্রিক নারী। তারা ভবনটির দ্বিতীয় তলায় বসবাস করতেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পাশের একটি ভবনে থাকা দুই নারী আহত হয়েছেন।
শুক্রবার জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় দুই তলা ভবনটি বিস্ফোরণের পর ধসে পড়ে। এথেন্সের মেয়র হারিস দুকাসের ধারণা, বড় ধরনের গ্যাস লিক থেকেই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। এতে আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলো খালি করে দেওয়া হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিস্ফোরণ
- ভবন ধসে মৃত্যু