এলপিজিতেও সংকট দাম আরও বাড়তি
আমদানির পরিমাণ ঠিক থাকলেও দেশে সিলিন্ডারজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) হঠাৎ সংকট দেখা দিয়েছে। এই সুযোগে সরকারের নির্ধারিত দামের চেয়ে স্থানভেদে ১২ কেজির সিলিন্ডারেই ৬০০ টাকা অতিরিক্ত নিচ্ছেন খুচরা বিক্রেতারা। সিলিন্ডারের আকার অনুযায়ী দাম বেড়েছে। দাম বাড়ার হার অন্তত ৩৮ শতাংশ। ফলে পাইপলাইনের গ্যাসের গ্রাহকদের সংকট কিছু কমতেই বিপাকে পড়েছেন সিলিন্ডারের এলপি গ্যাসের গ্রাহকেরা।
দাম নির্ধারণকারী সংস্থা বিইআরসি বলছে, দেশে এখন এলপি গ্যাসের কোনো সংকট নেই। কারা সরবরাহ কমিয়েছে, তা খতিয়ে দেখা হবে।
কোম্পানিগুলোর দাবি, তারা সরকারনির্ধারিত দামে সরবরাহ করলেও ডিলার, পরিবেশক ও খুচরা ব্যবসায়ীরা মজুত করে এই সুযোগে বাড়তি মুনাফা করছে। আর ডিলাররা বলছেন, আগামী মাসে (অক্টোবর) দাম বাড়ার আশায় কোম্পানিগুলোই সরবরাহ কমিয়ে দেওয়ায় সংকট তৈরি হয়েছে। এ কারণে দাম বেড়েছে।
গ্রাহকেরা বলছেন, এই সংকট তৈরির জন্য যে পক্ষই দায়ী বা বড় মুনাফাভোগী হোক, একমাত্র ভুক্তভোগী গ্রাহক। তাঁরা এ জন্য দায়ী করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুর্বল নজরদারি ও তদারকিকে।