প্রায় এক মাস ধরে দেশের প্রধান বস্ত্র ও পোশাকশিল্প এলাকায় শ্রমিক বিক্ষোভ চলার পর বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ তৈরি পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত ৩০ অক্টোবর থেকে শুরু হয় এ পোশাকশ্রমিক বিক্ষোভ। গত ২৫ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের সভায় নতুন মজুরি কাঠামো ঘোষণা করার পরও কয়েকটি এলাকায় যা এখনো অব্যাহত আছে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হ্যাঁ, উল্লেখযোগ্য পরিমাণ ক্রয়াদেশ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গেছে। শ্রমিক বিক্ষোভ চলতে থাকায় আমরা ক্রেতাদের সময়মতো পণ্য সরবরাহ করতে পারিনি।’
তবে কোন কোন দেশে এসব ক্রয়াদেশ গেছে কিংবা কোন ক্রেতারা বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়েছেন, তা নির্দিষ্ট করে জানাননি তিনি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিক বিক্ষোভ, উৎপাদন ব্যাহত হওয়া ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ড জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার ও সেলিওর মতো ক্রেতারা বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্য দেশে সরিয়ে নিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে। তিন কারখানার মালিকের বরাতে রয়টার্স জানিয়েছে, এসব ক্রয়াদেশের সবচেয়ে বড় অংশ পেয়েছে ভারত।