নাইজেরিয়ায় নৌকাডুবিতে অন্তত ৪৬ জনের মৃত্যু
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৪৬ জন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, নৌকাটিতে ৭০ জনেরও বেশি যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই শিশু।
ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনো চলছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
গতকাল বৃহস্পতিবার দেশটির পুলিশের মুখপাত্র আহমদ রুফাই বিবিসিকে জানান, গোরোনির গোরাউয়ের কাছে ৪৬টি মৃতদেহ পাওয়া গেছে। ১৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং ১৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।
রুফাই আরো বলেন, এলাকাটিতে পৌঁছানো কঠিন এবং নিরাপত্তা সংস্থা ও জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলের দিকে যাচ্ছে।
এদিকে একজন প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানায়, নৌকায় থাকা শিশুরা খামারের মালিক ও শ্রমিকদের সঙ্গে ভ্রমণ করছিল, যারা ধান কাটার কাজে যাচ্ছিলেন।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি কমিউনিটি মসজিদের সামনে দাফনের জন্য রাখা ৫০টি মৃতদেহ দেখেছেন, যার মধ্যে অনেকগুলো মাদুর ও কাপড়ে মোড়ানো ছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নৌকাডুবিতে নিহত